গ্রেফতার ভগবানপুরের তৃণমূল নেতা রবীন মণ্ডল! চাকরির নামে তোলাবাজি, বোমাবাজি... একাধিক অভিযোগে পাকড়াও খেজুরির দাপুটে TMC প্রার্থী
News18 বাংলা | ৩১ মে ২০২৬
গ্রেফতার তৃণমূলের জেলা পরিষদ সদস্য রবীন মণ্ডল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের তাবড় তৃণমূল নেতাকে রবিবার গ্রেফতার করে পুলিশ৷ একাধিক অভিযোগ রয়েছে রবীন মণ্ডলের বিরুদ্ধে৷ চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ৷ পাশাপাশি বাজকুল কলেজে সশস্ত্র হামলা এবং বোমাবাজির অভিযোগেই তৃণমূল নেতা রবীন মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে।
সদ্য শেষ হওয়া ছাব্বিশের বিধানসভা ভোটে খেজুরী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ধৃত রবীন মণ্ডল৷ নির্বাচনে হেরে যান তিনি৷ চাকরি দেওয়ার নামে তোলা তোলার অভিযোগে রবিবার তাকে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতা রবীন বর্তমানে ভগবানপুর ১ নম্বর ব্লকের তৃণমূল দলের সভাপতি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বর্তমান সদস্য৷
প্রসঙ্গত, কাটমানির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেফতার করা হয়েছে৷ শনিবার রাতেই কাটোয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে৷ জয়নগরে গতকালই গ্রেফতার করা হয়েছে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের শ্যালককে৷ শ্যালকের স্ত্রীকেও গ্রেফতার করা হয়৷ জানা যায়, বিধায়কের শ্যালকের স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি৷ সরকারি ত্রাণ মজুতের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়৷ বাড়ি-গোডাউন-তৃণমূল অফিসে পুলিশের হানাগোডাউনে উদ্ধার ত্রাণের কম্বল-প্রচুর লাঠি।
অন্যদিকে, বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেওয়াল লিখনে নাম লেখা হয়ে যায় রবীন মণ্ডলের৷ ভোটের মুখে সেই নিয়েও শুরু হয়েছিল বিতর্ক৷ পরে প্রার্থী হিসেবেও তার নামই ঘোষণা করে তৃণমূল৷ যদিও ভোটে হেরে যান তিনি৷