রাতের শিলিগুড়িতে বিশেষ অভিযানে বিধায়ক-পুলিশ কমিশনার, অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা
News18 বাংলা | ৩১ মে ২০২৬
শহরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে শনিবার রাতে সেবক রোডে বিশেষ অভিযান। নেতৃত্বে বিধায়ক শঙ্কর ঘোষ। ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা-সহ পদস্থ কর্তারা। রাতের শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শংকর ঘোষ বলেন, “সরকারে আসার আগে বিজেপি বলেছিল ‘ভয় আউট, ভরসা ইন’। মানুষ সেই ভরসা রেখেই বিজেপিকে ভোট দিয়েছে এবং সরকার গঠন হয়েছে। তাই কোনও ধরনের অপরাধমূলক কাজ বরদাস্ত করা হবে না।” তিনি জানান, শহরে অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনেও বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান চালানো হবে।
প্রসঙ্গত, শিলিগুড়ির যানজট সমস্যার সমাধানেও বড় উদ্যোগ নিয়েছেন বিধায়ক শংকর ঘোষ৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বৈঠক কক্ষে বিধায়ক শংকর ঘোষ পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ-সহ ট্র্যাফিক বিভাগের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন গত বুধবার৷
বৈঠকে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেবক রোড ও হিলকার্ট রোডকে আরও যান চলাচল উপযোগী করে তোলা, পার্কিং সমস্যা কমানো এবং শহরের ট্র্যাফিক ব্যবস্থাকে আধুনিক রূপ দেওয়া।
বৈঠকে অবৈধ পার্কিং ও অনিয়ন্ত্রিত যান চলাচলকে শহরের অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। ইতিমধ্যেই হিলকার্ট রোডে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। পাশাপাশি নির্দিষ্ট পার্কিং জোন ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। বিলাসবহুল বেসরকারি বাস ও স্কুল বাসের রেগুলেশন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।