• এ বার গ্রেপ্তার চুঁচুড়ার অসিত মজুমদার, মেডিক্যালের পরে তোলা হবে কোর্টে
    এই সময় | ৩১ মে ২০২৬
  • এ বার গ্রেপ্তার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শনিবার পিপুলপাতিকে তৃণমূলের অবরোধ কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে অসিতের বিরুদ্ধে। সেই ঘটনায় রবিবার সকালে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অসিত মজুমদার ছাড়া তালিকায় আছেন চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাও। চুঁচুড়া থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মেডিক্যালের পরে তোলা হবে আদালতে।

    শনিবার সোনারপুরে যাওয়ার পথে জনরোষে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচা ডিম, জুতো, ইটের টুকরো। শুনতে হয় ‘চোর, চোর’ স্লোগান। সময় যত এগোয়, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিষেকের মাথায় পরানো হেলমেট খুলে কিল-চড়-থাপ্পড় মারা হয়।

    সেই ঘটনার প্রতিবাদে শনিবার হুগলির পিপুলপাতিতে পথ অবরোধে বসেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। পরে পুলিশ অবরোধকারীদের হঠিয়েও দেয়।

    পুলিশকে বাধা, ধাক্কাধাক্কির অভিযোগে এ দিন অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলার রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার-সহ ১০ জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তা করে চুঁচুড়া থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)