মিল্টন সেন: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে নেমে রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি গুপ্ত ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিজয় সাউ নামে আরও এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উর্মিলা দেবী অভিযোগ করেন, তাঁর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দীর্ঘদিন ধরে অন্য এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছিল। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় কাউন্সিলর পার্থসারথি গুপ্তের দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, সরকারি প্রকল্পের টাকা বিজয় সাউ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়ছিল। সেই অর্থ উর্মিলা দেবী পাননি বলেও দাবি করা হয়েছে।
অভিযোগ, বিষয়টি জানার পরেও কাউন্সিলর বেআইনি ভাবে মধ্যস্থতার চেষ্টা করেন এবং ওই মহিলাকে পাঁচ হাজার টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ কাউন্সিলর পার্থসারথি গুপ্ত ও বিজয় সাউকে গ্রেপ্তার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, এর আগেও শ্রীরামপুর পুরসভার এক কাউন্সিলরকে গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় শ্রীরামপুর থানায় ডেপুটেশন দিতে গিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থানার আইসির ভূমিকার সমালোচনা করে তাঁকে কটাক্ষ করে ‘সুন্দরবনের সিংঘম’ বলেছিলেন।
এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত রিষড়ার কাউন্সিলর পার্থসারথি গুপ্তের গ্রেপ্তারিকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এলাকায়।