• অভিষেকের পর জনরোষের মুখে কল্যাণ! মাথায় ঢিলের আঘাত, উঠল ‘চোর’ স্লোগান
    প্রতিদিন | ৩১ মে ২০২৬
  • পরপর দু’দিন জনরোষের মুখে পড়ে আক্রান্ত দুই তৃণমূল সাংসদ। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নজিরবিহীন মারধর, ডিম ছোড়া থেকে শুরু করে জামার কলার ধরে হামলার পর রবিবার প্রায় একই ঘটনা হুগলির চণ্ডীতলায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হল ঢিল, উঠল ‘চোর’ স্লোগানও। জনতার ছোড়া ঢিলে মাথায় আঘাত পেয়ে তিনি রাস্তায় পড়ে যান। সাংসদকে ঘিরে থাকা তৃণমূল কর্মীরা দ্রুত শুশ্রূষা করেন। কিছুটা সুস্থ বোধ করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় চণ্ডীতলা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। কারা মারল? কেন গ্রেপ্তার করা হল না তাদের? পুলিশকে পালটা এসব প্রশ্ন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    জানা গিয়েছে, শনিবার সোনারপুরের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার প্রতিবাদে এদিন চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যাচ্ছিল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধিদল। সেসময় থানা থেকে ঢিলছোড়া জনরোষ আছড়ে পড়ে তাঁর উপর। অভিযোগ, প্রথমে কল্যাণকে কালো পতাকা দেখানো হয়। ওঠে ‘চোর চোর’ স্লোগান। এরপর মুহুমুর্হু ইট-পাটকেল ধেয়ে আসতে থাকে তাঁর দিকে। মাথায় আঘাত লেগে রাস্তায় পড়ে যান তিনি। দলের অন্যান্য কর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধস্তাধস্তিও হয়। তা প্রতিহত করে তাঁরা সাংসদের শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়েন। দলীয় কর্মীদের প্রাথমিক শুশ্রূষার পর সাংসদের বক্তব্য, ‘‘বাংলায় আর গণতন্ত্র নেই। গুন্ডাদের হাতে চলে গিয়েছে বাংলা। এই বাংলায় সাংসদরাই যদি এভাবে  আক্রান্ত হয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আপনারা সবাই প্রতিবাদ করুন। ”

    আক্রান্তদের অভিযোগ, গোটা ঘটনায় পুলিশের ভূমিকা ছিল নীরব। তার প্রতিবাদে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কর্মী, সমর্থকরা চণ্ডীতলা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। পুলিশ আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলতে গেলে কল্যাণ পালটা প্রশ্ন করেন, ‘‘কারা মারল আমাকে? কেন ব্যবস্থা নিলেন না? পিছন থেকে হামলা হয়েছে, আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। আমি মারা গেলে কি আমার শরীরের উপর দিয়ে গিয়ে আপনারা অ্যাকশন নেবেন?” তাতে পুলিশ জানায়, সাংসদ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।এনিয়ে রবিবার বেলায় যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিবেশ।

    অন্যদিকে,  অভিষেককে হেনস্তার প্রতিবাদে দিকে দিকে তৃণমূলের কর্মসূচি চলছে। চুঁচুড়ার এই প্রতিবাদ থেকে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোলের কোর্ট সংলগ্ন ঘড়িমোড়ের গান্ধীমূর্তির পাদোদেশে তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ চলে। নেতৃত্বে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক হরেরাম সিং, বিধান উপাধ্যায়-সহ নেতৃত্ব ও কর্মীসমর্থকেরা!
  • Link to this news (প্রতিদিন)