রাস্তা আটকে বিক্ষোভ, পুলিশের কাজে বাধা! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ ১০
প্রতিদিন | ৩১ মে ২০২৬
পুলিশের কাজে বাধাদান, পুলিশকর্মীদের ধাক্কাধাক্কির অভিযোগে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ ১০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার হুগলির পিপুলপাতিতে রাস্তা আটকে অবরোধ কর্মসূচি চালাচ্ছিল তৃণমূল। তৃণমূলের এই অবরোধ কর্মসূচি তুলতে গেলে পুলিশ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অসিত ও অন্যান্য তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই ঘটনায় রবিবার সকালে অসিত-সহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার সোনারপুরে যাওয়ার পথে জনরোষের কবলে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচা ডিম, জুতো, ইটের টুকরো। তাঁকে শুনতে হয় ‘চোর, চোর’ স্লোগান। সময় যত এগোয়, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিষেকের মাথায় পরানো হেলমেট খুলে কিল-চড়-থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ।
এই ঘটনার প্রতিবাদে শনিবার হুগলির পিপুলপাতিতে পথ অবরোধ শুরু করেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। পুলিশ অবরোধ তুলতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। শুরু হয় ধাক্কাধাক্কি। পরে পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেয়। এরপর রবিবার পুলিশকে বাধা, ধাক্কাধাক্কির অভিযোগে অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলার রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার-সহ ১০ জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মেডিক্যালের পরে ধৃতদের আদালতে তোলা হবে।