এবার মদন মিত্রের বাড়িতে পুলিশ। আজ, রবিবার দুপুরে বিধায়কের কামারহাটির বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। কী কারণে তৃণমূল বিধায়কের বাড়িতে এই হানা? রাজ্যে পালাবদলের পরে একাধিক দুর্নীতি, ভোট পরবর্তী হিংসার অভিযোগে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছেন। ইতিমধ্যে, তৃণমূল বিধায়কদের সই কাণ্ড নিয়েও পুলিশ তদন্ত শুরু করেছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়দের বাড়িতে সিআইডি আধিকারিকরা সেই তদন্তে হাজির হয়েছেন। আগামী কাল, সোমবার এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে ডাকা হয়েছে। সেই আবহে এবার কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশ যাওয়ায় শুরু হয়েছে জল্পনা।
বারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে ওই তল্লাশি অভিযান চলে বলে খবর। ওই বাড়ি তালাবন্ধ ছিল। বেশ কিছু সময় পরে পুলিশ ওই বাড়িতে ঢুকতে পারে। কিন্তু কী কারণে সেখানে হানা দিল পুলিশ। প্রাথমিকভাবে খবর, কামারহাটির ওই বাড়ির নাম ‘উদয় ভিলা’। সেখানে মদন মিত্রের দলীয় কার্যালয়ও আছে। অভিযোগ, যে জমির উপর ওই বাড়িটি উঠেছে, সেই জমি কেন্দ্রীয় সংস্থার। ওই জমি দখল করা হয়েছে? সেই প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ওই জায়গায় মহিলাদের স্বনির্ভর করার বিভিন্ন কাজ শেখানো হয়। অভিযোগ, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর থেকেই ওই জায়গা দখল হয়ে যায়। ওই জায়গায় বেআইনি কাজকর্ম হত বলেও অভিযোগ উঠেছে।
এদিন বেলা ১টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী ওই বাড়ির চত্বরে ঢোকে। মদন মিত্র সেখানে ছিলেন না। বিধায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে বলা হয়েছে, মদন মিত্র এখন দক্ষিণ কলকাতার বাড়িতে রয়েছেন। আজ, বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বিধায়কদের নিয়ে সভা করবেন। সেখানে যোগ দেবেন তিনি। সেই আবহে কামারহাটিতে পুলিশ আসার ঘটনা নিয়ে গুঞ্জন, জল্পনা ছড়িয়েছে। জানা গিয়েছে, উদয় ভিলা-তে মাঝেমধ্যে থাকেন মদন মিত্র। তবে ওই বাড়ির মালিক তিনি কিনা এখনও পরিষ্কার নয়। উদয় ভিলা থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।