৮০-র বদলে হাজির মাত্র ১৯! বিরাট ধসে বাতিল মমতার বাড়িতে বিধায়কদের বৈঠক
প্রতিদিন | ৩১ মে ২০২৬
ভোটে ভরাডুবির একমাসের মধ্যেই ছত্রভঙ্গ তৃণমূল কংগ্রেস! মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটের বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে এলেন মাত্র ১৯ জন। বাধ্য হয়েই রবিবারের বৈঠক বাতিল করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে দলের বিধায়ক তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানালেন, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর ভয়ংকর হামলার পর থেকে বিভিন্ন এলাকার বিধায়করা প্রতিবাদে নেমেছেন। তাঁদের অনেককেক পুলিশ আটক করে থানায় বসিয়ে রাখে। তাই অনেকে ফোন করে অনুরোধ জানিয়েছিলেন, আজকের বৈঠক পিছিয়ে দেওয়া হোক। এলাকায় না থাকলে কর্মীদের উপর হামলা হচ্ছে, কটা দিন সময় দেওয়া হোক। সেই অনুরোধ মেনে সাময়িকভাবে স্থগিত রাখা হল এদিনের দলীয় বৈঠক। তবে সোম ও মঙ্গলবার দু’দিন ধরে প্রতিবাদে নামছে তৃণমূল। সেই ঘোষণাও করেছেন কুণাল ঘোষ।