গভীর রাতে পিষে দিয়ে চলে গেল গাড়ি, বাসন্তী হাইওয়েতে প্রাণ গেল দুই যুবকের
News18 বাংলা | ৩১ মে ২০২৬
বাসন্তী হাইওয়ের ঘুষিঘাটা বাজারের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত দুই বাইক আরোহী। উত্তর ২৪ পরগনার মিনাখা থানার অন্তর্গত বাসন্তী হাইওয়ের ঘুষিঘাটা বাজার সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। ভোরের দিকে পথচারী ও স্থানীয় বাসিন্দারা রাস্তার ওপর দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদের পরিচয় জানা গিয়েছে।
তাদের মধ্যে একজন অপু নায়েক (৩১), পিতা সাধন নায়েক। বাড়ি মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের কুসাংরা এলাকায়। অপরজন মিজানুর মোল্লা (২৫), পিতা আব্দুল লতিফ মোল্লা। বাড়ি টাপলা কুসাংরা এলাকায়। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, গভীর রাতে কোনও বড় ভারী যানবাহনের সঙ্গে তাঁদের মোটরবাইকের সংঘর্ষ ঘটে থাকতে পারে। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীরাও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে বসিরহাট মহকুমা পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।