• সামান্য হাওয়া দিলেই বিদ্যুৎ উধাও, তীব্র গরমে 'নরকযন্ত্রণা'! এবার ভাঙল ধৈর্যের বাঁধ
    News18 বাংলা | ৩১ মে ২০২৬
  • হাসনাবাদের কালুতলায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের কালুতলা এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না।

    সামান্য দমকা হাওয়া বা আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর এমন ঘটনা এক বা দু দিনের নয় দীর্ঘদিনের।  এলাকাবাসীদের দাবি, অনেক সময় টানা ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। ফলে গরমের মধ্যে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যা থেকে শুরু করে নিত্যদিনের নানা কাজকর্ম ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন পড়ুয়ারা।

    পরীক্ষার প্রস্তুতি ও নিয়মিত পড়াশোনায় বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দফতরে জানানো হলেও দ্রুত সমস্যার সমাধান হয় না। অনেক ক্ষেত্রেই অভিযোগ জানানোর পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বিদ্যুৎ কর্মীদের জন্য। এর জেরে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

    দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদও জানান। তাঁদের দাবি, দ্রুত বিদ্যুৎ পরিকাঠামোর উন্নতি করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। স্থানীয়দের মতে, এটি কোনও একদিনের সমস্যা নয়। দীর্ঘদিন ধরেই কালুতলা এলাকার বাসিন্দারা এই দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে বিদ্যুৎ দফতরের হস্তক্ষেপে সমস্যার স্থায়ী সমাধান চান এলাকাবাসী।
  • Link to this news (News18 বাংলা)