পুলিশকে বিধায়ক মদনের ‘হুমকি’-র জের। রবিবার বিধায়কের বেআইনি বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালাল পুলিশ। শনিবার কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র পুলিশকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ। পুলিশের দাবি, মদন মিত্র বলেছেন তাঁর পায়ে ধরতে হবে, না হলে কামারহাটিকে চলতে দেবে না। আর তারপরেই রবিবার অ্যাকশন মোডে পুলিশ।
ডিসিপি সাউথ দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে বেলঘরিয়া ও কামারহাটি থানার পুলিশ-সহ কেন্দ্রীয় বাহিনী কামারহাটি বি টি রোডের ধারে উদয় ভিলার ভিতর বেআইনিভাবে গড়ে তোলা বিধায়ক মদন মিত্রের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি সব বেআইনি জায়গা বন্ধ করে দিল। ঘরের ভিতর ঢুকে পুলিশ বিভিন্ন নথি ও কাগজপত্র তল্লাশিতে উদ্ধার করে।
রবিবার দুপুরে পুলিশ যখন মদনের বাড়িতে যায়, তখন সেটি তালাবন্ধ ছিল। বাড়িতে ছিলেন না মদন। তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘণ্টাখানেক তল্লাশির পর ফের তালাবন্ধ করে বেরিয়ে যায় তারা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই বাড়িটির নাম ‘উদয় ভিলা’। সেখানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ, যে জমির উপর বাড়িটি রয়েছে, সেটি একটি কেন্দ্রীয় সংস্থার। কী ভাবে কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়িটি তৈরি করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
রবিবার বেলা ১ টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী ‘উদয় ভিলা’ চত্বরে ঢোকে। ‘এমএলএ হাউজ’ নামে পরিচিত এই বাড়ির বিভিন্ন ঘর থেকে বহু জরুরি নথি সংগ্রহ করেছে পুলিশ। এই বাড়িতে দীর্ঘ সময় এসে মদন মিত্র ও তাঁর অনুগামীদের থাকতে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই বাড়িতে মাঝেমধ্যে এখনও থাকেন মদন। তবে তিনি এই বাড়ির মালিক কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বাড়িটি সিল করে দিয়েছে। তদন্ত চলছে।