• উপস্থিত বুদ্ধি থাকলে কী না হয়, শাঁখা-পলা, সিঁদুর পরা মহিলার সোনা চেন ছিনতাই করতে এসেও লাভ হল না
    News18 বাংলা | ৩১ মে ২০২৬
  • মালদহ: মালদহ শহরে দুঃসাহসিক ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। মেয়েকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা মোটরবাইকে আসা দুই দুষ্কৃতীর। তবে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় গলায় হাত দিয়ে চেনটি রক্ষা করেন ওই মহিলা। যদিও টানাহেঁচড়ায় চেনটি ছিঁড়ে যায়।

    ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন আক্রান্ত ও তাঁর পরিবার। পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। আক্রান্ত মহিলা সুমনা দে ইংরেজবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দেশবন্ধু পাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তিনি তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে গয়েশপুর এলাকা থেকে সুকান্ত মোড়ের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, গয়েশপুরের একটি জিম সেন্টারের সামনে পৌঁছতেই মোটরবাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আচমকা তাঁর গলায় থাকা দেড় ভরির সোনার চেনে টান মারে।

    আরও পড়ুন –  Divorced Cricketer Sends Flirty Message: ‘নাম বোল দু কেয়া’- রাজস্থানের ডিভোর্সি ক্রিকেটার মাঝরাতে নায়িকাকে পাঠাতেন অশ্লীল মেসেজ

    হঠাৎ আক্রমণে চেনটি ছিঁড়ে গেলেও তৎক্ষণাৎ গলায় হাত দিয়ে সেটি চেপে ধরেন সুমনা দেবী। ফলে দুষ্কৃতীরা চেইনটি নিয়ে পালাতে পারেনি। ব্যর্থ হয়ে তারা দ্রুত মোটরবাইক নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে সুমনা দে বলেন, “মেয়েকে নিয়ে গয়েশপুরের রাস্তা দিয়ে সুকান্ত মোড়ের দিকে যাচ্ছিলাম। আচমকাই বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে গলার সোনার চেইন টান মারে। চেন ছিঁড়ে গেলেও সঙ্গে সঙ্গে হাত দিয়ে ধরে ফেলি। তাই ওরা নিতে পারেনি। ভর সন্ধ্যায় এমন ঘটনার পর খুবই আতঙ্কে রয়েছি।”

    আক্রান্তের স্বামী দুলাল দে বলেন, “সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কীভাবে দুষ্কৃতীরা ছিনতাইয়ের চেষ্টা করেছে। টানাহেঁচড়ার সময় আমার স্ত্রীর গলায় আঘাতও লেগেছে। শহরের মধ্যে এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক।”

    ঘটনার পরই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রবিবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শহরের ব্যস্ত এলাকায় এ ধরনের ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

    JM Momin
  • Link to this news (News18 বাংলা)