প্রযুক্তির আঁতুড়ঘরেই সাইবার হানা! হ্যাক হল আইআইটি খড়গপুর ডিরেক্টরের হোয়াটসঅ্যাপ
News18 বাংলা | ৩১ মে ২০২৬
দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান। আর সেই প্রতিষ্ঠানের স্বয়ং অধিকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরই হ্যাক হয়ে গেল। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আইআইটি খড়গপুর চত্বরে। হ্যাকাররা ডিরেক্টরের নম্বরটি নিজেদের কব্জায় নিয়ে তাঁর পরিচিতদের কাছে মেসেজ পাঠিয়ে টাকা হাতানোর চেষ্টা করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে সকলকে সতর্ক করে দিয়েছেন ডিরেক্টর সুমন চক্রবর্তী।
প্রযুক্তিবিদ্যার পীঠস্থানে খোদ ডিরেক্টরের এমন সাইবার প্রতারণার শিকার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চারদিকে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, আচমকাই ডিরেক্টরের হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাকারদের দখলে চলে যায়। এরপর তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা বিভিন্ন পরিচিতদের কাছে ওই নম্বর থেকে একের পর এক মেসেজ যেতে শুরু করে। মেসেজে জরুরি অবস্থার কথা বলে টাকা চাওয়া হতে থাকে। এমনকী বর্তমানের এক প্রতিনিধির কাছেও ঠিক একই রকম মেসেজ আসে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘দাদা, অনুগামী, বস, ভিডিও, সেলফি…’ অভিষেক নিগ্রহের ঘটনার পর কাদের লক্ষ্য করে তোপ ছুড়লেন কুণাল?
এরপরই গোটা বিষয়টি ডিরেক্টরের নজরে আসে। তিনি কালবিলম্ব না করে ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি তাঁর পরিচিত এবং শুভানুধ্যায়ীদের এই আর্থিক প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করে দেন। তিনি স্পষ্ট জানান যে তাঁর নম্বরটি হ্যাক হয়েছে এবং ওই নম্বর থেকে আসা কোনও মেসেজ বা টাকার দাবিতে কেউ যেন সাড়া না দেন।
আরও পড়ুন: ‘আপনার লজ্জা হওয়া উচিত…’, হাসপাতালেরর CEO -র উপর চোটপাট মমতার, ‘ভুলে যাবেন না আপনাদের কত সাহায্য করেছি’
দেশের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গেই যদি এমন ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কতটা, তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের মত বিশিষ্ট ব্যক্তিরাও যে সাইবার অপরাধীদের হাত থেকে সুরক্ষিত নন, তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই গোটা ঘটনা প্রসঙ্গে আইআইটি খড়গপুর-এর জনসংযোগ আধিকারিক প্রতীক দামা জানিয়েছেন যে তাঁরা বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব সাইবার বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল এবং কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি, এই হ্যাকিংয়ের ঘটনায় স্থানীয় সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার পর নিজেদের ব্যক্তিগত তথ্য এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে সকলেরই আরও বেশি সতর্ক এবং ভাল ভাবে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।