• তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, চাঞ্চল্য নবদ্বীপ পুরসভা এলাকায়
    এই সময় | ৩১ মে ২০২৬
  • নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। কৃষ্ণকালীতলা এলাকার ঘটনা। সূত্রের খবর, এই দলীয় কার্যালয় দখল করে রেখেছিল তৃণমূল। এ দিন সেই কার্যালয়টিও ফিরিয়ে দেওয়া হয়েছে বাড়ি মালিকের হাতে। রবিবারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা।

    সূত্রের খবর, এলাকার একটি বাড়ির ঘর প্রায় ২২ বছর ধরে দখল করে রেখেছিল তৃণমূল। সেখানে নিজেদের কার্যালয় বানিয়েছিল তারা। কিন্তু রাজ্যে পালাবদলের পরে থেকে ওই কার্যালয়টি বন্ধ রয়েছে। রবিবার সেই বন্ধ কার্যালয় খুলতেই ভিতর থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী, ত্রিপল ও সাদা থান কাপড় উদ্ধার হয়। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার গোষ্ঠ ভট্টাচার্য কার্যালয়টি চালাতেন। এ দিন কার্যালয় ছাড়াও পাশের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী।

    এই ঘটনার মাত্র একদিন আগে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়েছেন। তাঁর গ্রেপ্তারির পরে থেকেই নবদ্বীপে বিশেষ ভাবে তৎপর পুলিশ ও প্রশাসন। হানা দেওয়া হয় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কাউন্সিলারদের দলীয় কার্যালয় এবং বাড়িতে।

    প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরে থেকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠছে। একাধিক জেলা থেকে গ্রেপ্তারও করা হচ্ছে তাঁদের। এ বার সেই তালিকায় যুক্ত হলো নবদ্বীপ পুরসভা এলাকার নাম।

  • Link to this news (এই সময়)