• অবশেষে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী জাহাঙ্গীর
    আজকাল | ০১ জুন ২০২৬
  • মিল্টন সেন

    ডাকাতির ছক ভেস্তে দিয়ে কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ জাহাঙ্গীর-সহ পাঁচজনকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশের পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি দেশি বন্দুক, এক রাউন্ড কার্তুজ, একটি সাবল, একটি লোহার রড এবং একটি চপার উদ্ধার হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পান্ডুয়ার নিয়ালা-বোসো এলাকায় কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ সেখানে অভিযান চালায়।

    অভিযানে পশ্চিম বালিহাট্টার বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ জাহাঙ্গীর এবং তার ছেলে মহম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়।

    এছাড়াও শেখ ভোম্বল, শেখ রাজু এবং শেখ সাদ্দাম নামে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও ঘটনাস্থল থেকে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানিয়েছে।

    প্রাথমিক জেরায় ধৃতরা ডাকাতির উদ্দেশ্যেই সেখানে জড়ো হয়েছিল বলে স্বীকার করেছে বলে দাবি পুলিশের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

    পুলিশের দাবি, মহম্মদ জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। ধৃতদের রবিবার চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।

    পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের অপরাধচক্রের বিস্তার ও পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)