৮ বছর ধরে কিস্তির টাকা না মেটানোর অভিযোগ, মালদহে বাজেয়াপ্ত তৃণমূল নেতার গাড়ি
News18 বাংলা | ০১ জুন ২০২৬
মালদহে আট বছর ধরে ঋণের কিস্তির টাকা না মেটানোর অভিযোগে তৃণমূলে প্রাক্তন জেলা পরিষদ সদস্যের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে মালদহ জেলা পরিষদ সদস্য রয়েছেন স্ত্রী, আর নিজে তৃণমূলের ব্লক সহ-সভাপতি। অভিযোগ বছরের পর বছর প্রভাব খাটিয়ে শোধ করেননি ব্যাংকের কিস্তির টাকা।
পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালায় রিকভারি সংস্থা। টানা আট বছর ধরে গাড়ির ঋণের কিস্তি পরিশোধ না করেই গাড়ি ব্যবহার করার অভিযোগ। মালদার জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা ব্লক তৃণমূলের সহ সভাপতি সামিউল ইসলামের বিরুদ্ধে। গাড়ির ঋণ শোধ না করায় শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে গেল রিকভারি এজেন্সি। রবিবার দুপুরে চাঁচলের আজাদ পল্লী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমনও অভিযোগ, টেলিফোনে নাকি রিকভারি সংস্থার এজেন্টদের হুমকি দেন তৃণমূল নেতা।
অভিযোগ, ২০১৬ সালে পাঁচ লক্ষ টাকার বেশি ঋণ নিয়ে গাড়ি কেনেন সামিউল ইসলাম। তিনি মাত্র ১ লক্ষ ১৮ হাজার টাকা পরিশোধ করেন। বাকি প্রায় ৩ লক্ষ ৯১ হাজার টাকা বকেয়া থেকে যায়। ব্যাংকের দাবি, একাধিকবার নোটিশ পাঠানো হলেও কোনও সাড়া মেলেনি। রিকভারি এজেন্সির কর্মী দেবাশীষ চক্রবর্তীর দাবি, ২০১৮ সাল থেকেই ঋণের কিস্তি বকেয়া পড়তে শুরু করে। বর্তমানে সুদ-সহ মোট বকেয়ার পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা। সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি জানান। তবে, অভিযোগ নিয়ে সামিউল ইসলামের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও ব্যাংকের আর্থিক লেনদেনের বিষয়, তাই মুখ খুলতে চাইনি তৃণমূল নেতৃত্ব।