• ফরাক্কায় স্নান করতে নেমে তলিয়ে গেল ১৪ বছরের কিশোর, পরিবারে শোকের ছাড়া
    News18 বাংলা | ০১ জুন ২০২৬
  • মুর্শিদাবাদের ফরাক্কায় জানি মোড়ে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর। জানা গিয়েছে, ফিডার ক্যানেল থেকে একটি লক চ্যানেলের মাধ্যমে এনটিপিসিতে যে জল প্রবেশ করে জানি মোড় হয়ে। সেই জানি মোড়ে ডুব দেয় ১৪ বছরের ওই কিশোর, আর তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে জল থেকে উঠে এল এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের মৃতদেহ। নিখোঁজ কিশোরের খোঁজ এখনও না মিললেও, এই অদ্ভুত ও মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    ​স্থানীয় সূত্রে জানা গেছে, ফরাক্কার এনটিপিসি (NTPC) পাওয়ার প্ল্যান্টে তাপ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের জন্য ফিডার ক্যানেল থেকে জানি মোড় দিয়ে একটি চ্যানেল কেটে জল এনটিপিসির ভেতরে প্রবেশ করানো হয়, সেই ‘জানি মোড়’ এলাকায় প্রতিদিনের মতোই রবিবার দুপুরে বেশ কিছু কিশোর ও যুবক স্নান করতে নেমেছিল। তাদের মধ্যেই ছিল তিলডাঙ্গা এলাকার বাসিন্দা, ১৪ বছর বয়সী কিশোর আসলাম শেখ। ​স্নান করার সময় আচমকাই তীব্র স্রোতে তলিয়ে যায় আসলাম। স্থানীয়রা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় ফরাক্কা থানায়।

    ​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার ও ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) সহায়তায় জানি মোড়ে লক চ্যানেলে জলে জোরকদমে তল্লাশি শুরু হয়। কিন্তু নিখোঁজ কিশোর আসলামের খোঁজ করতে গিয়ে উদ্ধারকারীদের জালে উঠে আসে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। নিখোঁজ কিশোরের সন্ধানে জাল ফেলতেই উঠে এল এক বৃদ্ধ বা প্রৌঢ় মানুষের নিথর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে লক চ্যানেলের পাড়ে উপস্থিত শয়ে শয়ে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ​পুলিশ উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ব্যক্তির পরিচয় কী এবং কী ভাবে তার মৃত্যু হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

    ​এদিকে, ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে এনটিপিসির জানি মোড়ে নিখোঁজ কিশোর আসলাম শেখের সন্ধানে এখনো এনডিআরএফ এবং পুলিশ প্রশাসনের যৌথ তল্লাশি অভিযান জারি রয়েছে। কিশোরের পরিবারে এখন শুধুই কান্নার রোল। এক কিশোরের নিখোঁজ হওয়া এবং তল্লাশির মাঝে অন্য এক মৃতদেহ উদ্ধারের এই জোড়া ঘটনায় ফরাক্কার আন্দুয়া ও তিলডাঙ্গা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
  • Link to this news (News18 বাংলা)