• দমদম স্টেশন চত্বরে গুঁড়িয়ে দেওয়া হল ৫০০-র বেশি বেআইনি দোকান
    দৈনিক স্টেটসম্যান | ০১ জুন ২০২৬
  • শিয়ালদহ এবং হাওড়া স্টেশনের পর এবার দমদম স্টেশন চত্বরে বড় উচ্ছেদ অভিযান। রবিবার সকাল থেকে স্টেশনের বাইরে এবং প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় গড়ে ওঠা বেআইনি দখলদারি সরাতে ব্যাপক অভিযান শুরু হয়। বুলডোজার নামিয়ে ৫০০-রও বেশি দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

    রেল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরের একাধিক জায়গা বেআইনিভাবে দখল করে দোকানপাট এবং ব্যবসায়িক কাঠামো গড়ে উঠেছিল। এর ফলে যাত্রীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। পাশাপাশি নিরাপত্তা এবং স্টেশন এলাকার উন্নয়নমূলক কাজেও বাধা সৃষ্টি হচ্ছিল।

    অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, রেল সুরক্ষা বাহিনী, সরকারি রেল পুলিশ এবং রাজ্য পুলিশের আধিকারিকরা মোতায়েন ছিলেন। এলাকায় আনা হয়েছিল সাঁজোয়া যানও। রবিবার ভোর থেকেই স্টেশন চত্বর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর ধাপে ধাপে বেআইনি দোকানগুলি ভাঙার কাজ শুরু হয়। বুলডোজারের সাহায্যে কয়েক ঘণ্টার মধ্যেই বিস্তীর্ণ এলাকা পরিষ্কার করে ফেলে রেল কর্তৃপক্ষ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর ধরে স্টেশনের বাইরে এবং প্ল্যাটফর্ম সংলগ্ন অংশে ছোট-বড় অসংখ্য দোকান গড়ে উঠেছিল। যাত্রীদের একাংশের অভিযোগ ছিল, এর ফলে স্টেশনের প্রবেশপথে প্রায়শই ভিড় এবং যানজট তৈরি হত। জরুরি পরিস্থিতিতে দ্রুত যাতায়াত করাও কঠিন হয়ে পড়ত। রেল আধিকারিকদের মতে, স্টেশন এলাকাকে আরও সুসংগঠিত এবং নিরাপদ করে তুলতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে যাতে পুনরায় বেআইনি দখল না হয়, সে জন্যও নজরদারি বাড়ানো হবে।

    উল্লেখ্য, দমদম স্টেশন পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে ট্রেনে যাতায়াত ব্যবহার করেন। সেই কারণে স্টেশন চত্বরে অবাধ চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করতে রেলের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ রবিবার সকালে বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে রেল এই পদক্ষেপ নিয়ে সঠিক কাজই করেছে।

    শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে উচ্ছেদ অভিযানের পর দমদমে একই ধরনের পদক্ষেপ নেওয়ায় কার্যত স্পষ্ট হল, রেল তাদের জমি এবং স্টেশন সংলগ্ন এলাকা বেআইনি দখলমুক্ত করার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। আগামী দিনে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশন এলাকাতেও একই ধরনের অভিযান চালানো হতে পারে বলে রেল সূত্রে ইঙ্গিত মিলেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)