• মুর্শিদাবাদে 21টি 'ভুয়ো' পুরুষ অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার 4
    eTV Bharat | ৩১ মে ২০২৬
  • মুর্শিদাবাদ, 31 মে: মুর্শিদাবাদে 'পুরুষ লক্ষ্মী'র ছড়াছড়ি। একাধিক পুরুষের অ্যাকাউন্টে বছরের পর বছর ঢুকে আসছিল মহিলাদের জন্য বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৷ রবিবার আরও একজন গ্রেফতার হয়েছে ৷ ধৃতের নাম শারিফুল ইসলাম ৷ শারিফুল ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাসের স্বামী ৷ শারিফুলের তিনটি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ঢুকছিল বলে তদন্তে উঠে এসেছে ৷

    রবিবার ধৃতকে বহরমপুরে ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় এজলাসে তোলা হলে বিচারক 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷ এদিকে এই নিয়ে একই অভিযোগে মুর্শিদাবাদ থেকে মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ 4 জনের কাছ থেকে মোট 21টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে ৷ গত দু'বছর ধরে এই ভুয়ো অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ঢুকছিল ৷

    জেলা পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, "কাল্পনিক মহিলাদের নাম দিয়ে পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকানো হত । এই জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ কেঁচো খুড়তে কেউটে উঠছে ৷ আরও অনেকে রয়েছে ৷ তদন্ত চলছে ৷ তদন্ত যত এগোচ্ছে তদন্তকারীদের চক্ষু কপালে উঠছে ৷

    রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম 'ভুয়ো' লক্ষ্মীর অ্যাকাউন্ট সামনে আনেন ৷ তিনি নির্দিষ্ট করে বহরমপুর থানার শিয়ালমারার রাকিবুল ইসলামের নাম করেন ৷ বহরমপুর থানার পুলিশ গত শুক্রবার রাকিবুল ইসলামকে গ্রেফতার করে ৷ তদন্তে নেমে উঠে আসে রাকিবুলের তিনটি অ্যাকাউন্টে টাকা ঢুকছিল ৷ রাকিবুলকে পুলিশ হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদে উঠে আসে, তার ভাইরা-ভাই তারিকুল ইসলামের নাম ৷ তারিকুলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার ওসমানপুর ৷ তারিকুলের ছিল পাঁচটি ভুয়ো অ্যাকাউন্ট ৷ এরপর উঠে আসে মুলচক্রী মুস্তাফিজুর রহমানের নাম। মুস্তাফিজুরের বাড়ি রঘুনাথগঞ্জ থানার রাজপুত বহড়া গ্রামে। মুস্তাফিজুর জেলার একটি ব্লকের অস্থায়ী কর্মী। লক্ষ্মীর ভাণ্ডারের অনলাইনে নাম তুলত। তার কাছ থেকে 10টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে ৷ তদন্তে উঠে এসেছে, মোটা টাকার বিনিময়ে রাকিবুল ইসলাম ও তার আত্মীয় তারিকুল রহমানের 8টি ভুয়ো অ্যাকাউন্ট মুস্তাফিজুর রহমান খুলে দিয়েছে ৷

    আজ রবিবার উঠে এল ডোমকলের শরিফুল ইসলামের নাম। শরিফুল স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। নিজে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসআর (Corporate Social Responsibility)চালাত। ধৃতের স্ত্রী সাহানা বিশ্বাস বলেন, "আমি সোশাল মিডিয়া থেকে জানতে পারি ৷ তারপর থামান এসেছি আইসি'র সঙ্গে দেখা করতে ৷ আজ ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।"

    সরকার পক্ষের আইনজীবী উৎপল রায় বলেন, "তারিকুলকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল । ওর নামে পাঁচটি ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে।"

    এর আগে 28 মে পশ্চিম মেদিনীপুরে 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেফতার হন তৃণমূল ঘনিষ্ঠ এক যুবক । ধৃতের নাম উত্তম কুমার সাউ । অভিযোগ, পুরুষ হয়েও দীর্ঘদিন ধরে ভুয়ো তথ্যের ভিত্তিতে রাজ্য সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলছিলেন তিনি । গত বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ ।
  • Link to this news (eTV Bharat)