• এবার পিছল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা
    eTV Bharat | ৩১ মে ২০২৬
  • কলকাতা, 31 মে: বিধানসভা নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির জেরে আগেই স্নাতকের প্রথম সেমেস্টারের কিছু পরীক্ষা স্থগিত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ এবার পিছিয়ে দেওয়া হল স্নাতকের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষাও ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা আগামী 9 জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও, তা শুরু হবে 16 জুন থেকে ৷

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী দায়িত্ব এবং বিভিন্ন প্রশাসনিক কারণে দীর্ঘ সময় ধরে স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হয়েছে ৷ কিছু ক্ষেত্রে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হলেও, তা পর্যাপ্ত ছিল না-বলে অভিযোগ ৷ পাশাপাশি, একাধিক কলেজে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে নিয়মিত ক্লাস করানো সম্ভব হয়নি ৷ ফলে নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যক্রম সম্পূর্ণ করা যায়নি বলে দাবি পড়ুয়াদের ৷

    এই পরিস্থিতিতে ছাত্র সংগঠন ডিএসও পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবি জানায় ৷ সংগঠনের মতে, পর্যাপ্ত পঠনপাঠন ছাড়া পরীক্ষা নেওয়া হলে তার প্রভাব পড়ুয়াদের ফলাফলের উপর পড়বে ৷ সেই কারণেই বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত পরীক্ষার সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শীঘ্রই একটি পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হবে ৷ এর ফলে ভবিষ্যতে পরীক্ষা ও পঠনপাঠন নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে ৷ তবে, বর্তমানে নির্দিষ্ট সময়সূচির অভাবে পড়ুয়ারা সমস্যার মুখে পড়ছেন বলেও অভিযোগ উঠেছে ৷

    ডিএসও-র কলকাতা জেলা কমিটির সম্পাদক মিজানুর রহমান বলেন, "পঞ্চম সেমেস্টারের পরীক্ষা মার্চ মাসে শেষ হয়েছে ৷ তারপর নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ সময় পঠনপাঠন কার্যত বন্ধ ছিল ৷ এর মধ্যেই 9 জুন থেকে ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পড়ুয়াদের স্বার্থের পরিপন্থী ছিল ৷ আমরা সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছি ৷"

    তাঁর আরও দাবি, পর্যাপ্ত ক্লাস নিয়ে পাঠ্যক্রম সম্পূর্ণ করার পরেই পরীক্ষা নেওয়া উচিত ৷ মাত্র 11 মাসের মধ্যে তিনটি সেমেস্টারের পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি ৷ একই সঙ্গে তাঁর বক্তব্য, মাত্র এক সপ্তাহ পরীক্ষা পিছিয়ে দেওয়ায় মূল সমস্যার সমাধান হবে না; শিক্ষার্থীদের স্বার্থে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ৷
  • Link to this news (eTV Bharat)