কলকাতা, 31 মে: নন্দনে অপমানিত হতে হয়েছিল তাঁকে । ভক্তদের অনুরোধে এবং বর্তমান সরকারের উদ্যোগে সেই নন্দনেই বেশ কিছুক্ষণ শায়িত ছিল অনীক দত্তের মরদেহ । একটা সময়ের পর থেকে সরকারি প্রেক্ষাগৃহে 'ব্রাত্য' ছিলেন তিনি । কারণ, তিনি আগের সরকারের 'কাছের মানুষ' ছিলেন না । পছন্দেরও নয় । তাই সদ্যপ্রয়াত পরিচালকের মৃত্যুর পর তাঁর অনুরাগীদের দাবি, এ বার অনীক দত্ত'র ছবিগুলি নন্দনে দেখানো হোক ।
জীতু কমল এদিন ইটিভি ভারতকে বলেন, "আমি বর্তমান মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে জানিয়েছি, আমাদের ছবিটা চলতে দেয়নি ৷ শ্রদ্ধাঞ্জলি হিসাবে নন্দনে একদিনের জন্য হলেও অপরাজিত সিনেমাটা চালানো হোক ৷ জানি না এতে অনীক দা'র আত্মা কতটা শান্তি পাবে?"
শুক্রবার কেওড়াতলা মহাশ্মশান থেকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "চলচ্চিত্র উৎসব হবে অনীক দত্তকে ঘিরে ।" এরপর শনিবার সেই বার্তাকেই বিস্তারিত জানালেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ । তিনি বলেন, "অনীকবাবুর বেশ কিছু ছবি নন্দনে মুক্তি পায়নি । দর্শক-অনুরাগীদের দাবি, তাঁর ছবি দেখানো হোক নন্দনে । তাঁদের দাবি মেনে নন্দন কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার যৌথভাবে সেই ছবিগুলো দেখানোর কথা ভাবছে । পরিচালককে রেট্রোসপেকটিভ বা শ্রদ্ধা জানানো হবে এ ভাবেই ।"
একে অবশ্য রুদ্রনীল 'ফেস্টিভ্যাল' বা উৎসব বলতে চাননি । তাঁর কথায়, "অনীকবাবু স্পষ্টবক্তা ছিলেন । তিনি নন্দনে বসে আপত্তি জানান কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার নিয়ে । তার পর থেকেই তাঁর ছবি সরকারি প্রেক্ষাগৃহে ব্রাত্য ।"
আগের সরকার আর নেই । বিজেপি সরকার চায়, এবার অন্তত অনীক দত্তের ছবি জায়গা করে নিক নন্দনে । নন্দন কর্তৃপক্ষও সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন রুদ্রনীল ঘোষ । তিনি আরও বলেন, "অনীকবাবুর ছবি দেখানো হবে । এই আয়োজনকে যদি দর্শক-অনুরাগী 'উৎসব বলতে চান, তা হলে তাই বলবেন ।"
শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানাতে এসে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেন, "অনীকদা আমাদের পারিবারিক বন্ধু ছিলেন । ওঁর ছবি নিয়ে আমরা নন্দনে 'ফেস্টিভ্যাল' করব ।" একই কথা নন্দনে দাঁড়িয়ে বলেছেন পাপিয়া অধিকারী । একই ইচ্ছা রূপা গঙ্গোপাধ্যায়েরও । তিনি বলেন, "অনীক একটু সুযোগ দিল না আমাদের । বলতাম এবার নিশ্চিন্তে ছবি বানাও ।"