• ‘বঞ্চনা শব্দটা ইরেজার দিয়ে মুছে ফেলার যে দায়িত্ব...,’ মন্ত্রিত্ব নিয়ে জল্পনার প্রতিক্রিয়ায় যা জানালেন শঙ্কর ঘোষ
    News18 বাংলা | ০১ জুন ২০২৬
  • আগামিকাল, সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ৷ ইতিমধ্যেই সেই কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অন্দরে জোর জল্পনা আর সেই জল্পনায় উঠে এসেছে ৮ জনের নাম, যাঁরা হতে পারেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার পূর্ণাঙ্গ মন্ত্রী৷ আর এই তালিকায় রয়েছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নামও৷

    রাজনৈতিক মহলের অন্দরে জোর জল্পনা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত উত্তরবঙ্গ এবারে পেতে চলেছে আরও দুই পূর্ণ মন্ত্রী৷ জল্পনায় শোনা যাচ্ছে শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাঁওয়ের নাম৷ রবিবার শিলিগুড়ি থেকে রওনাও দিতে দেখা যায় শঙ্কর ঘোষকে৷ যদিও তাঁর দাবি, এই সফরের সঙ্গে মন্ত্রিত্বের কোনও সম্পর্ক নেই৷

    এদিন কলকাতার উদ্দেশে যাত্রা শুরুর আগে শঙ্কর ঘোষ বলেন, ‘‘আমি কলকাতায় যাচ্ছি দলীয় কাজে। এর সঙ্গে মন্ত্রিত্বের কোনও সম্পর্ক নেই। অনেক নতুন নতুন বিধায়ক এসেছেন। তাঁদের সঙ্গে কথা হবে। কাল শপথ আছে।’’

    আরও পড়ুন : কে হতে পারেন শিক্ষামন্ত্রী? স্বাস্থ্য দফতরই বা যেতে পারে কার হাতে, সম্ভাব্য পূর্ণমন্ত্রীর তালিকায় জল্পনায় ৮ নাম

    মন্ত্রিত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে শঙ্কর ঘোষ বলেন, ‘‘মন্ত্রিত্ব নিয়ে দল জানাবে। এবারে উত্তরবঙ্গ থেকে বঞ্চনার যে শব্দটা ইরেজার দিয়ে মুছে ফেলার যে দায়িত্ব সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দিয়েছেন৷ আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং মাননীয় রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই শব্দটা মুছতে আমরা বদ্ধ পরিকর৷’’

    আরও পড়ুন : ‘ঠিক আছে, অন্য দিন আবার বসা হবে,’ বৈঠকে ঢুকে বেশ কিছুটা সময় বসেছিলেন মমতা, তারপর পায়ে হেঁটে গেলেন অভিষেকের বাড়ি

    প্রসঙ্গত, বর্তমানে শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে বিজেপির অন্যতম মুখ৷ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তিনি৷ ২০২১ সালেও জিতেছিলেন৷ দু’বারের বিধায়ক৷ শঙ্কর ঘোষ একসময় সিপিএম-এ ছিলেন৷ অশোক ভট্টাচার্যের শিষ্য বলা হত তাঁকে৷ সিপিএম-এর টিকিটে শিলিগুড়ি থেকে কাউন্সিলরও হয়েছিলেন৷ তবে একুসের নির্বাচনের আগে বাম ছেড়ে বিজেপি-তে যোগদান করেন তিনি৷
  • Link to this news (News18 বাংলা)