• রাজ্য জুড়ে অশান্তির মধ্যেই মণিপুরে শুরু হলো ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ
    এই সময় | ০১ জুন ২০২৬
  • এখনও শান্তি ফেরেনি মণিপুরে। এরই মধ্যে সেখানে শুরু হয়ে গেল ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ। শনিবার থেকেই মণিপুরে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ১ জুলাইকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-র যোগ্যতার শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর মণিপুরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

    কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তি অন্তর্ভুক্ত না হন, তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

    ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, কেরালা-সহ কয়েকটি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ সম্পন্ন হয়েছে। এ বার, তৃতীয় দফার এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার)-এর কাজ মণিপুর ছাড়াও শুরু হচ্ছে ওডিশা, সিকিম এবং মিজোরামে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

    ২০২৩ থেকে কুকি এবং মেইতেইদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত মণিপুর। রবিবারও মণিপুরের পার্বত্য অঞ্চলের কনসাখুল গ্রামে হামলার ঘটনা ঘটেছে। আগের দিনেও উরখুল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে দ্রুত শান্তি ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং।

    আর এই পরিস্থিতিতে সেখানে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কাজের সমস্ত প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অরুণ কুমার সিনহা। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। এই কাজের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কাজের সঙ্গে যুক্ত কর্মীদেরকেও।

    মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সেই রাজ্যে এখন ভোটার আছেন ২০ লক্ষ ৯৩ হাজার ৭৬ জন। তাঁদের জন্য নির্দিষ্ট ফর্ম  ছাপানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    জাতি সংঘর্ষের জেরে এখন অনেকেই অন্য এলাকায় বাস করছেন। অনেকেই ঘরছাড়া আছেন। তাঁদের নামও যাতে বাদ না যায় সেই দিকেও বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ জুলাই সেখানে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর পরে চলবে নথি যাচাই করার কাজ। আগামী ৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

  • Link to this news (এই সময়)