• মন্ত্রী হতে ট্রেনে চেপে কলকাতা আসছেন তিন বিধায়ক!
    আজকাল | ০১ জুন ২০২৬
  • প্রকাশ মণ্ডল: আগামীকাল গঠিত হতে চলেছে রাজ্যের নতুন সরকারের মন্ত্রিসভা। আর সেই সভাতে ডাক পেয়েছেন আলিপুরদুয়ারের তিন বিধায়ক। সূত্রের খবর, সেই মন্ত্রী সভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ এবং কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। 

    এছাড়াও মন্ত্রিসভায় ডাক পেয়েছেন কালচিনির বিধায়ক বিশাল লামা। জানা গিয়েছে, তৃণমূলের ভরা আমলে গোটা রাজ্যবাসীকে পথ দেখিয়েছিল আলিপুরদুয়ারবাসী। গত ২০২১ বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের ৫ টি আসন বিজেপির হাতে তুলে দিয়েছিল জেলাবাসী। 

    ২০২৬ বিধানসভা নির্বাচনেও একইরকম ভাবে পাঁচটি আসনে জয়ী হয় বিজেপির প্রার্থীরা। ২০২১ বিধানসভা নির্বাচনের তুলনায় ২০২৬ -এ আরও অভূতপূর্ব ফলাফল হয় আলিপুরদুয়ারের ৫ কেন্দ্রে। জানা গিয়েছে, ফালাকাটা বিধানসভা কেন্দ্রে দীপক বর্মণ এবং কালচিনি বিধানসভা কেন্দ্রে বিশাল লামা এই নিয়ে দ্বিতীয় বার জয়ী হন। তবে কুমারগ্রাম এর বিধায়ক মনোজ কুমার ওরাও এই নিয়ে তৃতীয়বার বিধানসভা আসনে জয়ী হয়েছেন।

    সেই ঘটনায়, নবনির্বাচিত বিজেপি সরকারের মন্ত্রী সভায় আলিপুরদুয়ারের এই তিন বিধায়কের স্থান থাকাই স্বাভাবিক। এখন দেখার, আগামীকাল মন্ত্রিসভায় আলিপুরদুয়ার জেলার এই তিন বিধায়ক ঠিক কোন কোন দপ্তরের দায়িত্ব পান। 

    আলিপুরদুয়ারের তিন বিধায়কের মন্ত্রীসভায় আমন্ত্রণ'কে ঘিরে আশায় বুক বেঁধেছেন আলিপুরদুয়ার জেলাবাসী।
  • Link to this news (আজকাল)