• বহুতল থেকে যুবক-যুবতীর জোড়া মৃতদেহ উদ্ধার
    আজকাল | ০১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার গল্ফগ্রিনের একটি বহুতল আবাসন থেকে এক যুবক ও যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের (ড্রাগ ওভারডোজ) কারণেই এই মর্মান্তিক পরিণতি। ফ্ল্যাট থেকে প্রচুর পরিমাণ মদের বোতল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, গল্ফগ্রিনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন মৃত যুবক। তাঁর বাবা-মা তিলজলার বাসিন্দা। গত শুক্রবার রাতে ওই যুবকের ফ্ল্যাটে তাঁর আরও ৫-৬ জন বন্ধু মিলে একটি পার্টির আয়োজন করেছিলেন। পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত প্রত্যেকেই চরম নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। রবিবার বেলা ১২টা নাগাদ পুলিশ কন্ট্রোল রুমের ১০০ ডায়াল নম্বরে একটি ফোন আসে। খবর পেয়েই গল্ফগ্রিন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ফ্ল্যাটের ভেতর থেকে ওই যুবক ও যুবতীর অচৈতন্য দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

    ঘটনার সময় ফ্ল্যাটে উপস্থিত বাকি তিন বন্ধুও তীব্র নেশার ঘোরে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁদের ইতিমধ্যেই আটকে নিয়ে গেছে। মৃত যুবক ও যুবতীর পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লালবাজারের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

    প্রাথমিক তদন্তে অতিরিক্ত মাদক সেবনের তথ্য উঠে এলেও পুলিশ এখনই চূড়ান্ত কোনও  সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না। লালবাজারের এক পুলিশ আধিকারিক জানান, "মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।" উইকএন্ড পার্টির নামে আবাসনের ভেতরে চলা এই মাদক চক্র এবং দুজনের রহস্যমৃত্যু ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।
  • Link to this news (আজকাল)