• দু’দফায় কার্যকর ‘এক দেশ, এক ভোট’?
    এই সময় | ০১ জুন ২০২৬
  • সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

    ‘এক দেশ, এক ভোট’ নীতি প্রয়োগের পক্ষে দীর্ঘদিন ধরেই সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২০২৪ লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরে এই নীতি দেশজুড়ে প্রয়োগের ভাবনা বাস্তবায়নের কাজ শুরু করেছেন মোদী৷ এই মর্মে সরকার প্রণীত বিলটি পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে বিজেপি সাংসদ পিপি চৌধরির নেতৃত্বাধীন যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)–তে৷ ২০২৯ সাল থেকে দেশে লোকসভার ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট পর্বের আয়োজন করা যায় কি না, সেই সম্ভাবনাই খতিয়ে দেখছে জেপিসি৷

    সূত্রের খবর, ‘এক দেশ, এক ভোট’ নিয়ে নতুন ভাবনা রয়েছে সরকারের৷ ২০২৯–এর লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের ২০টি রাজ্যের বিধানসভা ভোটের আয়োজন করার কথা ভাবা হচ্ছে৷ সূত্রের খবর, এই ২০টি রাজ্যের তালিকায় থাকছে না পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম, বিহার, পুদুচেরি এবং দিল্লি৷ পরে ২০৩৪ সাল থেকে সারা দেশেই একইসঙ্গে আয়োজিত হবে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা নির্বাচন৷ সরকারি সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তরে আলোচিত এই পদক্ষেপকে বলা হচ্ছে ‘টু ফেজ ট্র্যানজিশন৷’ তবে এই পদক্ষেপের ব্যাপারে সরকারি ভাবে কোনও ঘোষণা এখনও হয়নি।

    তবে জেপিসি সূত্রে এই ভাবনা সামনে আসার পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন নিজেদের পূর্বঘোষিত অবস্থান থেকে কিছুটা সরে ‘টু ফেজ ট্র্যানজিশন’ থিওরির কথা ভাবছে মোদী সরকার? সরকারি সূত্রের দাবি, দেশের যে রাজ্যগুলিকে ২০২৯–এর লোকসভা ভোটের সঙ্গে সংযুক্ত না করার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে কিছুদিন আগেই বিধানসভা ভোট হয়েছে৷ সব কিছু ঠিক থাকলে ২০৩১–এ আবার এই সব রাজ্যে বিধানসভা ভোটের আয়োজন করা হবে৷ পরবর্তী কালে ‘এক দেশ, এক ভোট’ নীতির প্রয়োগ শুরু হয়ে গেলে এই রাজ্যগুলিকে সেখানে সংযুক্ত করা হবে এবং ২০৩৪ সাল থেকে সারা দেশেই লোকসভা এবং বিধানসভা ভোটের আয়োজন একইসঙ্গে করা হবে৷ কিন্তু যে সব রাজ্যে ২০২৭–২৯–এর মধ্যে বিধানসভা ভোট আছে, সেখানে কী হবে, সেটা স্পষ্ট নয়।

    বাদল অধিবেশনের শেষ সপ্তাহের আগেই ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত জেপিসি রিপোর্ট সরকারের কাছে পেশ হওয়ার কথা। এই রিপোর্ট খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে বলেই সূত্রের খবর।

  • Link to this news (এই সময়)