• কেন্দ্রের ‘খেত বাঁচাও অভিযান’–এ বাংলার কৃষকদের বিশেষ গুরুত্ব
    এই সময় | ০১ জুন ২০২৬
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

    কৃষি মন্ত্রকের উদ্যোগে আজ, সোমবার থেকে সারা দেশে শুরু হতে চলেছে 'খেত বাঁচাও অভিযান'৷ মূল লক্ষ্য—সারের সুষম ব্যবহার, আবহাওয়া জনিত প্রতিকূলতার বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দেওয়া এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সম্পর্কে সব রাজ্যের কৃষকদের অবগত করা৷ রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করে কৃষকরা যাতে জৈব সারের ব্যবহার বেশি করেন এবং চাষযোগ্য মাটির গুণাবলী খতিয়ে দেখেন—সেদিকেও বিশেষ দৃষ্টি দেবে কেন্দ্রীয় সরকার৷ দেশের সব রাজ্যের কৃষকরা যাতে যে কোনও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তাঁদের চাষের জমি রক্ষা করতে পারেন, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় টিপস দেওয়ার পাশাপাশি কৃষকদের হাতে কলমে শেখানো হবে কী করে ফসলের বীজ বপন এবং উত্‍পাদিত ফসল বিক্রি করে হওয়া আয় এবং সর্বপ্রকারের ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়৷ ১ তারিখ শুরু হয়ে গোটা জুন মাস ধরেই সারা দেশে পরিচালিত হবে এই 'খেত বাঁচাও অভিযান'৷ দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষকদের কাছে পৌঁছে যাবেন কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা৷ দিল্লিতে সরকারি সূত্রের দাবি, সরকারের শীর্ষ স্তরের নির্দেশের পরে এ বারের কেন্দ্রীয় অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গকে৷

    তাত্‍পর্যপূর্ণ হলো, এ বারের বিধানসভা ভোটে রাজনৈতিক পালাবদলের আগে বাংলার কৃষকরা বহু কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন, এমন অভিযোগ বড় হয়ে উঠেছে৷ এই পরিস্থিতিতে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গেই বাংলার ছবি পাল্টাতে শুরু করেছে৷ একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ এই মর্মেই বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কৃষকরা কৃষি মন্ত্রক পরিচালিত 'খেত বাঁচাও অভিযান'-এ অংশগ্রহণ করে উপকৃত হবেন বলেই দাবি সরকারি সূত্রের৷

    কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দাবি, 'এই প্রচারভিযানের উদ্দেশ্য কেবল একটি বার্তা পৌঁছে দেওয়া নয়, বরং পরিস্থিতির নিরিখে মাঠ–পর্যায়ে কৃষকদের সঠিক পরামর্শ প্রদান করা। এই অভিযানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিদেরও অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চালানো হবে, যাতে এই অভিযান প্রশাসনিক কর্মসূচির গণ্ডি পেরিয়ে জন–অংশগ্রহণের একটি বলিষ্ঠ মডেলে পরিণত হতে পারে।'

  • Link to this news (এই সময়)