আর কিছুক্ষণের মধ্যেই বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ইতিমধ্যে চিনারপার্ক থেকে লোকভবনে রওনা দিয়েছেন।
সোমবার ভোরে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে (যশবন্তরাও চবন এক্সপ্রেসওয়ে) কন্টেনার বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা। পুলিশ জানায়, ওল্টানো ট্রাকে অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দু'জনের মৃত্যু হয়। তাঁরা ওই দুই ট্রাকের আরোহী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া অন্য একটি গাড়িতে থাকা ৮০ বছরের এক বৃদ্ধা। পুলিশ জানায়, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে খুব ব্যস্ত রাস্তা। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট ছিল এক্সপ্রেসওয়েতে।
বিধানসভার সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে CID। সোমবার বেলা ১২টায় ভবানীভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সই বিতর্কে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমও গঠন করেছে CID। DIG-র নেতৃত্বে SIT-এ থাকবেন একজন DSP ও ২জন ইন্সপেক্টর।
লেকটাউনের মোড়ে বিপজ্জনক অবস্থায় মেসির মূর্তি। ভেঙে পড়ার আশঙ্কায় মেসির মূর্তি নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার। এ দিন সকাল থেকেই বিশেষ ভাবে তৎপর PWD-র ইঞ্জিনিয়াররা। তবে অক্ষত অবস্থায় মূর্তি নামানোই এখন বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, মূর্তিটি প্রায় দোতলা বাড়ির সমান উঁচু, প্রায় ৪৪ ফুটের।
মহার্ঘ ভাতা বা DA নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসবেন আজ সোমবার। এ দিনের বৈঠকে নবান্নে উপস্থিত থাকবেন রাজ্য়ের সরকারি কর্মচারী সংগঠনগুলি।
রাজ্য়ে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে সোমবার গঠিত হতে চলেছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। এ দিন সকাল ১১টায় লোকভবনে ৩৫ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। কিন্তু কারা মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
আজ, সোমবার থেকে চালু হচ্ছে বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। রাজ্যের সমস্ত সরকারি বাসেই মিলবে এই পরিষেবা। এ দিন সকাল থেকেই বাসস্ট্যান্ডগুলিতে বেশ ভালোই ভিড় দেখা গিয়েছে। তবে এই পরিষেবার জন্য রাজ্য পরিবহণ দপ্তরের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। এর পাশাপাশি সোমবার থেকেই শুরু হচ্ছে রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র কাজ। ওই দিন থেকে সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এ বিষয়ে ফর্ম ফিলআপ করানোর কাজ করবেন বলেই নবান্ন সূত্রে খবর।
সোমবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভবনা বেশি। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজকের পর থেকে ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।