প্রতিশ্রুতি মতোই কাজ রাজ্য সরকারের। ১ জুন, সোমবার থেকে মহিলাদের জন্য চালু হয়েছে বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের সুবিধা। নন-এসি, এসি, দূরপাল্লা বা শহর ও শহরতলির যে কোনও সরকারি বাসেই মিলছে এই পরিষেবা। সোমবার সকাল থেকেই কলকাতা ও বিভিন্ন জেলার নানা বাসস্ট্যান্ডে সরকারি বাসে চড়তে দেখা গিয়েছে মহিলাদের।
সূত্রের খবর, এ দিন সকালে হলদিয়া টাউনশিপ বাস টার্মিনাস থেকে একাধিক মহিলা যাত্রী সরকারি বাসে ওঠেন। তাঁদের স্বাগত জানাতে নেওয়া হয়েছিল অভিনব উদ্যোগ। বিজেপি-র স্থানীয় বিধায়ক প্রদীপ বিজলী প্রত্যেক মহিলা যাত্রীর হাতে গোলাপ ফুল এবং চকোলেট তুলে দেন।
তবে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য রয়েছে বেশ কয়েকটি শর্ত। এ ক্ষেত্রে সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড বা আধার কার্ড। এ ছাড়াও, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের নথি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসের ইস্যু করা বৈধ পরিচয়পত্র। এগুলির যে কোনও একটা বাস কন্ডাক্টরকে দেখালেই মহিলা যাত্রীদের দেওয়া হচ্ছে ‘জ়িরো ভ্যালু টিকিট’। এই উদ্যোগে মহিলা যাত্রীরা বেশ খুশি।
মহিলা যাত্রী মৌমিতা সরকার বলেন, ‘কয়েক বছর আগে চিকিৎসার জন্য তামিলনাড়ু গিয়েছিলাম। সেখানে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা রয়েছে। আমাদের রাজ্যে সেই পরিষেবা চালু হবে ভাবিনি। নতুন সরকারকে ধন্যবাদ জানাই।’
হলদিয়া বিধানসভা বিধায়ক প্রদীপ বিজলী বলেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ১লা জুন থেকে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। আজ সেই পরিষেবা চালু হলো। যাঁরা আজ পরিষেবা পেয়েছেন তাঁদের অভিনন্দন।’