• নিখরচায় সরকারি বাসে যাতায়াত শুরু! খুশির আবহ
    আজকাল | ০১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আজ থেকেই চালু হয়েছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকেই এই পরিষেবার সুযোগ মিলবে। বিভিন্ন সরকারি বাসে এই পরিষেবার সুবিধা নিতে পারছেন উপভোক্তারা। আর তাতেই খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। সকাল থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে মহিলা যাত্রীদের মধ্যে একই প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

    সূত্রের খবর, 'পিঙ্ক কার্ড' হাতে নিয়ে সকাল থেকেই উচ্ছ্বসিত মহিলা যাত্রীরা। বিনামূল্যে যাত্রী পরিষেবার সুবিধা পেয়ে কেউ বললেন, "পাস পেয়েছি, ভীষণ খুশি।" আবার কেউ বললেন টিকিট দেখিয়ে বললেন, "ভীষণ সুন্দর ব্যবস্থা। খুব ভাল।" এই পরিষেবাকে রাজ্য সরকারকে সাধুবাদ দিয়েছেন আর এক যাত্রী। তিনি বলেন, "খুব ভাল লাগছে। মেয়েদের জন্য খুব ভাল উদ্যোগ। শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগে বাসে যাতায়াতে যে অসুবিধা হত, সেই সমস্যা আর থাকবে না।" উত্তরবঙ্গের বিভিন্ন রুটে সরকারি বাসের মহিলা যাত্রীদের মুখেও খুশির হাসি দেখা গিয়েছে।

    উল্লেখ্য, রাজ্যের সমস্ত ছোট রুটে যাতায়াতের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও নিখরচায় মহিলারা যাতায়াত করতে পারবেন আজ থেকেই।এই সুবিধা মেলার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে একটি নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। যেখানে যাতায়াতের সময় কী কী নথি লাগবে এবং কীভাবে এই সুবিধা পাওয়া যাবে, তা বলে দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে, রাজ্য সরকারের তরফে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য একটি 'পিঙ্ক কার্ড' দেওয়া হবে। আসলে এটা স্মার্ট কার্ড, যা দেখিয়ে সরকারি বাসে যাতায়াত করা যাবে। এই কার্ডটি মূলত 'ফ্রি ট্রাভেল পাস' কার্যকর হবে।

    আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই স্মার্ট কার্ড তৈরির জন্য কোনও নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি। এই কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। তবে, এই কার্ডটি হস্তান্তরযোগ্য নয়।অফলাইনে নিকটবর্তী বিডিও, এসডিও অফিস বা পুরসভা অফিস থেকে ফর্ম তুলে আবেদন করতে হবে। এছাড়া সরকারের নির্দিষ্ট অনলাইন পোর্টাল থেকেও এই কার্ডের জন্য আবেদন করা যাবে।

    আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। তবে এখনও যেহেতু স্মার্ট কার্ড বা পিঙ্ক কার্ড তৈরি হয়নি, তাই আজ থেকে যে সরকারি বাসে উঠতে পারবেন না বা ফ্রি-ত যাতায়াত করতে পারবেন না, তা নয়। আপাতভাবে স্মার্ট কার্ড পাওয়ার আগে পর্যন্ত, পরিচয়পত্র দিয়েই ফ্রি-তে ভ্রমণ করা যাবে। বাসে উঠে কন্ডাক্টরকে আইডি কার্ড দেখালে তিনি একটি ‘জিরো-ভ্যালু টিকিট’ দেবেন।সরকার অনুমোদিত ছ'টি পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটি দেখালেই নিখরচায় সরকারি বাসে ভ্রমণ করা যাবে। এগুলি হল: আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি কার্ড।

     
  • Link to this news (আজকাল)