• লোকাল ট্রেনের কারণে শ্লথ হবে না মেল-এক্সপ্রেসের গতি! নৈহাটি- রানাঘাট তৃতীয় লাইন পাততে জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি রেলের
    News18 বাংলা | ০১ জুন ২০২৬
  • জমি জটে আটকে ছিল নৈহাটি- রানাঘাট তৃতীয় লাইন পাতার কাজ৷ এবার সেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে তৎপর হল রেল৷ নৈহাটি-রানাঘাট তৃতীয় লাইন পাতার জন্য জমি অধিগ্রহণ করতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করল রেল মন্ত্রক৷

    রেল মন্ত্রকের নির্মাণ বিভাগ কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, নদিয়া জেলায় “নৈহাটি-রানাঘাট তৃতীয় লাইন প্রকল্পের” জন্য প্রয়োজনীয় জমি রেলওয়ে (সংশোধন) আইন, ২০০৮-এর বিধান অনুযায়ী অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকার প্রকল্পের জন্য নির্দিষ্ট জমি অধিগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে। জমি জটে আটকে গিয়েছিল রেলের তৃতীয় লাইনের লাইন পাতার কাজ। শেষ পর্যন্ত সমাধান করল নতুন সরকার। নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইন৷ রানাঘাট লোকাল ছাড়াও কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে লোকাল এবং লালগোলা লাইনের মেল এবং এক্সপ্রেস ট্রেন এই লাইন দিয়ে যাতায়াত করে।

    দীর্ঘ দিন ধরেই এই লাইনের নিয়মিত যাত্রীদের দাবি ছিল, আরও একটি লাইন পাতা হোক। যে লাইন জরুরি সময়ে তা ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে ট্রেনযাত্রায় সময় এবং হয়রানি দুই কমবে।

    শেষ পর্যন্ত ২০১৫ সালে এই তৃতীয় লাইন পাতার কাজ শুরু হয়৷ যদিও জমি সমস্যায় তা থমকে যায়। বছর খানেক আগে শিয়ালদহ থেকে নৈহাটি তৃতীয় রেল লাইন চালু হয়েছিল। এবার রানাঘাট থেকে নৈহাটি পর্যন্ত ওই তৃতীয় লাইনকে যুক্ত করা হবে। এতে লোকাল ট্রেনের কারণে এক্সপ্রেস ট্রেনের গতি শ্লথ হওয়ার বিষয়টি এড়ানো সম্ভব হবে বলে দাবি রেল কর্তাদের।

    পাশাপাশি মুর্শিদাবাদের নসিপুর রেল সেতু দিয়ে ইতিমধ্যেই কৃষ্ণনগর-আজিমগঞ্জ ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীদিনে এই পথেই শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেনেরও চলার কথা রয়েছে। সেক্ষেত্রে রানাঘাট স্টেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেকথা মাথায় রেখেই দ্রুত জমি অধিগ্রহণ করে তৃতীয় লাইন পাতার কাজ শুরু করতে চায় রেল দফতর৷
  • Link to this news (News18 বাংলা)