অন্য মেজাজে রাজ্যের মন্ত্রী, গলা ছেড়ে রবীন্দ্র সংগীত পরিবেশন অগ্নিমিত্রা পলের
News18 বাংলা | ০১ জুন ২০২৬
সবাইকে চমকে দিয়ে গলা ছেড়ে গান গাইলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। আসানসোলের আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। সেখানেই মুক্ত কণ্ঠে তাঁকে রবীন্দ্র সংগীত পরিবেশন করতে দেখা গিয়েছে। যা সেখানে উপস্থিত সমস্ত মানুষকে কার্যত চমকে দিয়েছে।
উল্লেখ্য, আসানসোলের রবীন্দ্র ভবনে বাংলা সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছিল। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল। সেখানে রাজ্যের সংস্কৃতি সম্পর্কে যেমন আলোচনা হয়েছে, তেমনভাবেই রবীন্দ্র সংগীত শোনা গিয়েছে মন্ত্রীর গলায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মন্ত্রী হয়ে গেলেও বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িত শিকড় রয়েছে অনেক গভীরে। তাই বাঙালি মেয়ে হিসেবে রবীন্দ্র সংগীত পরিবেশন করতে পারা খুব বিশাল কঠিন কাজ নয়। হয়ত পরিবেশনের সময় সুরের গন্ডগোল হতে পারে। কিন্তু বাঙালি মেয়ে হিসেবে রবীন্দ্র সংগীত পরিবেশন করা, বা এই জাতীয় সংস্কৃতিমূলক কাজ করা কোনও কঠিন বিষয় নয়।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, একটা সময় নির্বাচনী প্রচারে বলা হয়েছিল বিজেপি বাংলার সংস্কৃতি বোঝেনা। কিন্তু বাংলার সংস্কৃতি এখনও অক্ষুণ্ণ আছে। আর বিজেপি সরকার, বাংলা ও বাঙালির গর্বের সংস্কৃতিকে অক্ষুন্ন রাখতে মরিয়া। তাঁর অভিযোগ, বিগত সরকারের সময় বাংলার সংস্কৃতি অনেক ক্ষেত্রে নষ্ট হয়েছে। কিন্তু আগামীদিনে বাংলার সংস্কৃতি রক্ষা করবে বিজেপি।