: এবার থেকে কোনও রকম টোল ট্যাক্স ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার অজয় নদ সংলগ্ন এলাকার সাধারণ মানুষ। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে অজয় নদ ও হিংলো নদীর সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাটকে কেন্দ্র করে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াতের সমস্যা দূর করতে ফেরিঘাটটি নতুন করে সংস্কার করল নতুন সরকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ফেরিঘাট দিয়ে সাধারণ মানুষ যখন যাতায়াত করতেন, তখন তৃণমূল আশ্রিত কিছু ব্যক্তিকে টোল ট্যাক্স দিতে হত বলে অভিযোগ। সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার আসার পর সমস্ত রকমের অবৈধ টোল ট্যাক্স বন্ধ করার কড়া ঘোষণা করা হয়। সরকারের এই জনমুখী সিদ্ধান্তের পরেই বাবুপুর ফেরিঘাটের টোল ট্যাক্স নেওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
তবে অভিযোগ ওঠে, টোল ট্যাক্স আদায় করতে না পারার ক্ষোভ ও রাগে ফেরিঘাটের একটি বড় অংশ কেউ বা কারা ভেঙে গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে সাময়িকভাবে একটি বাঁশের মাচা তৈরি করা হলেও, তাও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ফলে চরম বিপাকে পড়েন দুই জেলার সীমান্তবর্তী হাজার হাজার মানুষ।
জনসাধারণের এই চরম দুর্ভোগের কথা মাথায় রেখে বর্তমান সরকার পুনরায় ওই গুরুত্বপূর্ণ ফেরিঘাটটি দ্রুত মেরামতির কাজ করে। যুদ্ধকালীন তৎপরতায় এই সংস্কারের কাজ চালানো হয় এবং রবিবার বিকাল থেকেই নির্বিঘ্নে যাতায়াত শুরু হয়। এই বিষয়ে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান, সাধারণ মানুষের দৈনন্দিন সুবিধা ও জনকল্যাণের স্বার্থে ভারতীয় জনতা পার্টি সরকার সব রকমের কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এলাকার উন্নয়নে কোনও খামতি রাখা হবে না।