এসআইআরে নাম বাদ গেলে মিলবে না অন্নপূর্ণার টাকা, মামলা কংগ্রেসের
বর্তমান | ০১ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) জেরে বিএলওদের ভুলে নাম না থাকা নাগরিকরা কেন রাজ্য সরকারের অন্নপূর্ণ যোজনার মতো প্রকল্প থেকে বঞ্চিত হবে? অন্যান্য সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের কাজকর্মে তেমনই প্রশ্ন উঠছে। তাই পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া নাগরিকদের জন্য বিশেষ সুযোগের দাবি করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। মামলা দায়ের করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এসআইআর কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বসু। নির্বাচন কমিশনে বাদ যাওয়া বাংলার নাগরিকদের নতুন করে আবেদনের সুযোগ দেওয়ার পক্ষেই সওয়াল করা হয়েছে। এলাকা ভিত্তিক কোথায় কত নাম যুক্ত করার আবেদন জমা পড়েছিল, কত নাম বাদ দেওয়ার আর্জি করা হয়েছিল, তার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেনি বলেই আবেদনকারীর দাবি। ট্রাইবুনালে আবেদনকারীদের কেন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে? প্রশ্ন তুলেছেন তিনি।
আবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে এনিউমারেশন পর্বে প্রথমেই ৫৮ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছিল। তারপর নাম তোলার জন্য আবেদন জমা পড়ে ৯ লক্ষ ৬৪ হাজার। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়, সেখানে মাত্র ১ লক্ষ ৮২ হাজারের নাম অন্তর্ভূক্ত হয়। লজিক্যাল ডিসক্রেপেন্সির নামে প্রায় ৬০ লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে ফেলা হয়। অথচ তার মধ্যে এখনো বহু লোকের নাম ওঠেনি। এসআইআরে এঁদের নাম থাকার পরেও ভোট দিতে পারেননি। এবার তারই সঙ্গে তৈরি হয়েছে অন্নপূর্ণা যোজনার মতো সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। তাই বিষয়টির বিচার চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেছে প্রদেশ কংগ্রেস। শীঘ্র শুনানি হবে।