• কাবেরী নদীর বাঁধ নিয়ে ফের দ্বন্দ্বে জড়াল কর্ণাটক ও তামিলনাড়ু
    বর্তমান | ০১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একটি কংগ্রেসের একার সরকার। অন্যটি জোট শরিক। তাও উভয়ে লেগে গেল দ্বন্দ্ব। ইস্যু: নদী বাঁধ। জলের ভাগ নিয়ে বিবাদ। প্রথম রাজ্যটি হল কর্ণাটক। যেখানে সিদ্ধারামাইয়াকে সরিয়ে আগামী বুধবার ৩ জুন মুখ্যমন্ত্রীর শপথ নিতে চলেছেন দাপুটে কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। অন্যটি তামিলনাড়ু। সবে মুখ্যমন্ত্রী হয়েছেন তামিল হিরো সি জোসেফ বিজয়। তাঁর দল টিভিকে’র সঙ্গে সরকারে শামিল কংগ্রেসও। তা সত্ত্বেও জলের ভাগ নিয়ে বিতর্ক। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কংগ্রেসকে না বোঝাতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেছেন বিজয়। 

    কর্ণাটকে কাবেরী নদীর ওপর মেকেদাটু বাঁধ তৈরির পরিকল্পনা করছে কংগ্রেস সরকার। সেন্ট্রাল ওয়াটার কমিশনকে তার খসড়া প্রকল্প রিপোর্ট জমাও দেওয়া হয়েছে। তাই সরকারে এসেই নড়েচড়ে বসেছেন বিজয়। কাবেরী নদীর ওপর ওই বাঁধ তৈরি হলে তামিলনাড়ু কম জল পাবে বলেই বিজয়ের দাবি। জল না পেলে চাষের সমস্যা হবে। ফলে নতুন করে কর্ণাটক যদি বাঁধ দিয়ে রিজারভার তৈরি করে, তাহলে প্রবল সমস্যায় পড়তে হবে। তাই এই প্রকল্প বন্ধ করতে জলশক্তি মন্ত্রক যাতে উপযুক্ত উদ্যোগ নেয়, প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন বিজয়। যদিও এই চিঠির পরেও কর্ণাটকের হবু মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়ে দিয়েছেন, আমাদের প্রকল্প চলবে। মেকেদাটু প্রকল্প কেউ আটকাতে পারবে না। কর্ণাটকের মানুষের স্বার্থেই তা হবে।
  • Link to this news (বর্তমান)