• বনগাঁর হোল্ডিং সেন্টারে ভিড় জমছে ধৃত অনুপ্রবেশকারীদের, পেট পুরে আপ্যায়ন
    বর্তমান | ০১ জুন ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: গত শনিবার সকালে চারজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বনগাঁ জিআরপি। বনগাঁ স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁদের পাকড়াও করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের নাম শেখ জলিল হোসেন (২৩), শেখ ইব্রাহিম হোসেন (১৪), আরাফত সর্দার (১৮) ও আঁখি খাতুন (১৪)। ধৃতদের বাড়ি বাংলাদেশের যশোর ও সাতক্ষীরা জেলায়। তাঁদের কাছে না ছিল ভারতীয় পরিচয়পত্র, না ছিল এদেশে আসার কোনো বৈধ কাগজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চারজন সাত বছর আগে পেট্রাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতে এসেছিল। তাঁরা অশোকনগর থানার গুমা রেল গেট এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। ধৃতদের এদিন চাঁদপাড়ায় হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জন পঞ্চাশ বাংলাদেশিকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

    অন্যদিকে, পেট্রাপোল সীমান্তের হোল্ডিং সেন্টারে এদিন বারাকপুর থেকে ১৭ জনকে আনা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন পুরুষ, ৭ জন মহিলা ও চারজন শিশু। পরবর্তীকালে তাদের বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। হোল্ডিং সেন্টারে থাকা অনুপ্রবেশকারীদের জন্য পর্যাপ্ত জল ও খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন। সকালে চিঁড়ে-গুড়ের সঙ্গে ছিল কলা। দুপুরে দেওয়া হয়েছে ভাত-ডাল-সবজি ও ডিম। তাঁদের সঙ্গে কথা বলে বোঝা গেল, চোখেমুখে ভয়ের লেশমাত্র নেই। উলটে খোশ মেজাজেই রয়েছেন সেন্টারে। এই হোল্ডিং সেন্টার ঘিরে রয়েছে কড়া পুলিশি পাহারা। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)