• বিজেপির হিংস্র রাজনীতি, তোপ মমতার
    বর্তমান | ০১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ড মুক্তিমোর্চার মতো বিরোধী দলও বিজেপির বিরুদ্ধে তোপ দাগছে। প্রত্যেকেরই এক সুর, গণতন্ত্রের হত্যা করছে গেরুয়া শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও সাফ বলেছেন, ‘বাংলায় বিরোধী কণ্ঠরোধ ও বিজেপির হিংস্র রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। রাজনৈতিক দেউলিয়াপনা ও হিংসার এক চরম রূপ দেখছে দেশবাসী। শনিবার লোকসভার সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কাপুরুষোচিত হামলার পর, রবিবার লোকসভার আমাদের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানো হয়েছে। একের পর এক বিরোধী জনপ্রতিনিধিদের টার্গেট করে এই ধরনের আক্রমণ অত্যন্ত দুর্ভাগ্যজনক, অমানবিক এবং গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। বিজেপির এই ধারাবাহিক হিংসাত্মক আচরণের বিরুদ্ধে আমি তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাই।’

    মমতার সাফ কথা, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বতঃস্ফূর্ত জনরোষের ভুয়ো অজুহাত দিয়ে নিজেদের দলীয় দুষ্কৃতীদের রাস্তায় নামিয়ে দিচ্ছে বিজেপি।’ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ‘দিল্লির প্রশ্রয়েই কি এই তাণ্ডব? নতুন ভারতের দোহাই দিয়ে বিরোধীদের উপর এই ধরনের আক্রমণ কি দিল্লির শাসকদলের শীর্ষ নেতৃত্বের প্রচ্ছন্ন মদতেই ঘটছে? আমি এই কাপুরুষোচিত আক্রমণের বিরুদ্ধে রাজপথে এবং আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত লড়ে যাব।’

    ঘটনার নিন্দা করার পাশাপাশি এদিন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন, অখিলেশ যাদবরা অভিষেকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তৃণমূলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। কৃতজ্ঞতা জানিয়েছেন অভিষেকও। বলেছেন, ‘পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের সংগ্রামে ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। আমি গত বছর অপারেশন সিন্দুর-এর সর্বদলীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে বিশ্বের পাঁচটি দেশে গিয়েছি। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আমার দেশকে রক্ষা করেছি এবং দেশের কথা তুলে ধরেছি। কিন্তু আজ যারা জাতীয়তাবাদের রক্ষক বলে নিজেদের দাবি করে, তারাই হামলা করল! এটাই আজকের বিজেপির বাস্তবতা। আপনি যদি তাদের সমর্থন করেন, তবে আপনি দেশপ্রেমিক। আপনি যদি তাদের প্রশ্ন করেন, তাহলে আপনি লক্ষ্যবস্তুতে পরিণত। আপনি যদি তাদের পাশে দাঁড়ান, তাহলে আপনাকে বাহবা দেওয়া হবে। আর যদি বিরুদ্ধে যান, আপনাকে চুপ করিয়ে দেওয়া হবে।’
  • Link to this news (বর্তমান)