বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে বিতর্ক বিধায়ক ও মন্ত্রীর ‘আলাদা’ নীতি
বর্তমান | ০১ জুন ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: হাবড়ার বিজেপি বিধায়ক তথা বনগাঁ পুরসভার কাউন্সিলার দেবদাস মণ্ডলের দাবি, পুরসভা এলাকায় অবৈধ নির্মাণ অবিলম্বে ভাঙতে হবে। অন্যদিকে, বনগাঁর বিজেপি বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রীর অশোক কীর্তনিয়ার দাবি কোনো কিছু ভাঙতে হলে আগে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন নিয়ম মেনে ব্যবস্থা নেবে। একই দলের দুই বিধায়কের আলাদা নীতির ফলে জাঁতাকলে পড়েছে পুরসভা। এ নিয়ে চর্চায় মেতেছেন বাসিন্দারা।
শনিবার দেবদাস মণ্ডলের উপস্থিতিতে পুরসভায় বোর্ড মিটিং হয়। সেখানে বেশ কয়েকটি বিতর্কিত নির্মাণের পাশাপাশি বিচুলিহাটায় একটি শৌচালয় ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই মতো রবিবার সেটি ভেঙে ফেলে পুরসভা। পুরসভার শৌচালয় ভাঙা নিয়ে শুরু হয় বিতর্ক। রবিবার বিতর্কিত শৌচালয় ভেঙে দেওয়ায় খাদ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার। মন্ত্রীর দাবি, এভাবে কোনো কিছু ভাঙা যাবে না। নিয়ম মেনে কাজ করতে হবে।
জানা গিয়েছে, বনগাঁ বিচুলিহাটা এলাকায় দীর্ঘদিন ধরে একটি শৌচালয় রয়েছে। যা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এক ব্যক্তির বাড়ির সামনে শৌচালয়টি থাকায় বহুবার সেটি ভেঙে দেওয়ার দাবি উঠেছে। এদিন ওই শৌচালয় ভাঙার পর ঘটনাস্থলে যান মন্ত্রী অশোক কীর্তনিয়া। এ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। মন্ত্রী বলেন, এতদিন এটা ভাঙা হয়নি। এখন এগুলি ভেঙে সাধারণ মানুষের কাছে বিজেপির ভাবমূর্তি খারাপ করার চেষ্টা চলছে। প্রশাসনকে না জানিয়ে কোনো কিছু ভাঙা যাবে না। স্থানীয় ব্যবসায়ী কল্যাণ তারণ বলেন, এলাকার বহু মানুষ এই শৌচালয় ব্যবহার করতেন। আমরা চাই, এখানে নতুন একটি শৌচালয় হোক। প্রয়োজনে এ নিয়ে আমরা বৈঠকে বসতেই পারি। পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, বোর্ড মিটিংয়ে বিজেপি কাউন্সিলারের উপস্থিতিতে এই শৌচালয় ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী আমাকে বলেছেন, ব্যবসায়ীরা যেখানে বলবেন, সেখানে একটি শৌচালয় তৈরি করে দেওয়া হবে।