• সল্টলেকে তোলাবাজির অভিযোগে ধৃত মেয়র পারিষদের স্বামী, চাঞ্চল্য
    বর্তমান | ০১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজ্যে পালাবদল হওয়ার পর বিধাননগর পুরসভার বরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দার সহ চারজন তৃণমূল কাউন্সিলার গ্রেপ্তার হন। তোলাবাজির অভিযোগে তিনজন এবং মারধরের অভিযোগে গ্রেপ্তার একজন। এবার তোলাবাজির অভিযোগে সল্টলেকে গ্রেপ্তার হলেন বিধাননগর পুরসভার মেয়র পারিষদ তুলসি সিনহা রায়ের স্বামী ভাস্কর সিনহা রায়। শনিবার তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানা। তোলাবাজির ওই ঘটনায় তুলসি সিনহা রায়ের নামেও এফআইআর হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পাশাপাশি এক মহিলা জমির মালিককে মারধরের অভিযোগে রবিবার বাগুইআটি থানার হাতে গ্রেপ্তার হন বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলার আজিজুল মণ্ডল। ওই ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে।

    এর আগে তোলাবাজির অভিযোগে সল্টলেকে বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ও পাঁচ নম্বর বরোর চেয়ারম্যান রঞ্জন পোদ্দার, বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুশোভন মণ্ডল ওরফে মাইকেল, বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সম্রাট বড়ুয়া ওরফে রাখাল এবং মারধরের অভিযোগে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু গ্রেপ্তার হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ মে বিধাননগর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা মেয়র পারিষদ তুলসি সিনহা রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল বিধাননগর উত্তর থানায়। এফআইআর হয়েছিল। ওই ঘটনার তদন্তে নেমে তাঁর স্বামী ভাস্করবাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    অন্যদিকে একটি জমির মালিককে মারধরের ঘটনায় রবিবার বাগুইআটি থানার পুলিশ বিধাননগরের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার আজিজুল মণ্ডল ওরফে আজিজুল হোসেন ওরফে কালোকে গ্রেপ্তার করেছে। আক্রান্ত জমির মালিক গত শনিবার বাগুইআটি থানায় কালো সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ নম্বর ওয়ার্ডের আটঘড়া পূর্বপাড়া এলাকায় এক মহিলার জমি রয়েছে। অভিযোগ, কালোর নেতৃত্বে সেই জমিতে বাংলাদেশ থেকে আশা অনুপ্রবেশকারীদের বসানো হয়েছিল। জমিটির মালিক মহিলা। তিনি সেই জমি উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন। তাঁকে বাধা দেওয়ার পাশাপাশি মারধর করা হয়। সেই অভিযোগে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
  • Link to this news (বর্তমান)