• আগে কোনো মুখ্যমন্ত্রী এমন বৈঠক করেননি, দাবি কাউন্সিলার দেবলীনার
    বর্তমান | ০১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আগে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে এভাবে আমাদের বৈঠক হয়নি। এটা হওয়ায় ভালো লাগছে। উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে একথাই বললেন কাউন্সিলার দেবলীনা বিশ্বাস। মুখ্যমন্ত্রী তাঁকে তাঁকে ‘বোন’ বলে সম্বোধন করেন।

    সম্প্রতি আলিপুরে কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসে ভবানীপুর বিধানসভা এলাকার সমস্ত কাউন্সিলার, বরো চেয়ারম্যান, বিভাগীয় কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডেও। কোথায় কী কাজ চলছে, নতুন কী কী কাজ তিনি চান, কাউন্সিলার থেকে আধিকারিক, কার কী সমস্যা, কী প্রয়োজন, সব শুনেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানেই দেবলীনা বলেন, ‘আগে কোনো মুখ্যমন্ত্রী এভাবে আমাদের সঙ্গে বৈঠক করেননি। আপনাকে ধন্যবাদ। এমন বৈঠক দেখে অবাক হচ্ছি। ভালোও লাগছে।’ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, নিয়মিত নাগরিক পরিষেবা বজায় রাখতে হবে। ভবানীপুরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রাস্তাঘাটে যেন জঞ্জাল পড়ে না থাকে। সামনে বর্ষা আসছে। মানুষের দুর্ভোগ যেন না হয়। কাউন্সিলাররা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে উন্নয়নের কাজ চালিয়ে যান।

    প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই আলিপুর অঞ্চলের ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার ৯ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের সঙ্গে তাঁর দল তৃণমূল কংগ্রেসের ‘দূরত্ব’ তৈরি হয়েছে। এখন তিনি নতুন মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। দেবলীনার কথায়, ‘যা সত্যি, সেটাই বলেছি। শুভেন্দুবাবু আমাদের ভালোভাবে কাজ চালিয়ে যেতে বলেছেন। সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
  • Link to this news (বর্তমান)