• পাহাড় থেকে সমতল, আজ থেকেই বিনামূল্যে বাস যাত্রা মহিলাদের, দেওয়া হচ্ছে ‘জিরো ব্যালেন্স ’ টিকিট
    বর্তমান | ০১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের অপেক্ষার অবসান। আজ থেকে চালু হল রাজ্যজুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে ১ জুন থেকেই প্রকল্পটি কার্যকর হবে। সেই ঘোষণামতো আজ থেকে সরকারি বাসে মহিলাদের কোনও ভাড়া দিতে হচ্ছে না। এই পরিসেবায় খুশি মহিলা যাত্রীরা।

    বাসে উঠলেই মহিলা যাত্রীদের দেওয়া হচ্ছে ‘জিরো ব্যালেন্স ’ টিকিট । শুধু স্বল্প দূরত্বের রুট নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলছে। পরিচয় যাচাইয়ের জন্য যাত্রীদের নির্দিষ্ট কিছু নথির মধ্যে যেকোনও একটি দেখাতে হচ্ছে। গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ১০০ দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি-সহ পেনশন সংক্রান্ত নথি, কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরির পরিচয়পত্র, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড এবং সরকার অনুমোদিত অন্যান্য পরিচয়পত্র। 

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত পরিচয়পত্র দেখিয়ে মহিলারা এই সুবিধা পাবেন। তবে ভবিষ্যতে যাতে অন্য কেউ এই প্রকল্পের অপব্যবহার করতে না পারেন, তার জন্য বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। মহিলাদের জন্য আলাদা পরিচয়ভিত্তিক কার্ড তৈরি করা হবে বলে সরকার জানিয়েছে। যদিও সেই কার্ড কবে থেকে চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। 

    পরিবহণ দপ্তরের ঘোষণা অনুযায়ী, রাজ্যের সব মহিলা এই পরিষেবার সুবিধা পাওয়ার অধিকারী। ভবিষ্যতে প্রত্যেক যোগ্য মহিলা যাত্রীর হাতে একটি ডিজিটাল স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে। ওই কার্ডে যাত্রীর নাম, ছবি এবং একটি কিউআর কোড থাকবে। স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হলে নির্ধারিত ফর্ম পূরণ করে বিডিও বা এসডিও দফতরে জমা দিতে হবে। তবে এই কার্ড বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে এখনও কয়েক মাস সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত বাসে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সরকারি পরিচয়পত্র গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবহণ আধিকারিকরা।

    এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন. 'দেশের নারীশক্তির সশক্তিকরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নকে বাস্তবায়নের পথে একধাপ এগোলো পশ্চিমবঙ্গ। রাজ্যের মাতৃশক্তি ভয় নয়, ভরসার প্রতি ভরসা রেখেছেন। নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রতিশ্রুতি 'ভরসার শপথ'কে বাস্তবায়িত করতে ও শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর মার্গ দর্শনকে পাথেয় করে আজ থেকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার পূর্বের ঘোষণা অনুসারে পাহাড় থেকে সমতল সকল সরকারি বাসে মাতৃশক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে।পশ্চিমবঙ্গে মাতৃশক্তির নিরাপত্তা, সামাজিক অগ্রগতি, স্বনির্ভরতা ও অধিকারকে সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর।'
  • Link to this news (বর্তমান)