• বিজেপি যুব সভাপতির বিরুদ্ধে কোটি টাকার তোলাবাজির অভিযোগ
    এই সময় | ০১ জুন ২০২৬
  • এই সময়, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পিন্টু সাম এবং জেলা সম্পাদক দেবজ্যোতি সিংহরায়ের বিরুদ্ধে এক কোটি টাকা তোলাবাজির গুরুতর অভিযোগ উঠল। নবাবহাট ফাগুপুর এলাকার ব্যবসায়ী শেখ হালিমের অভিযোগ, গত শুক্রবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে রেনেসাঁর মাঠে নিয়ে গিয়ে এই হুমকি দেওয়া হয়। টাকা না-দিলে তাঁর ব্যবসা ও চাষাবাদ বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হয় বলেও দাবি তাঁর।

    ব্যবসায়ী শেখ হালিম বলেন, 'ওরা আমাকে বাড়ি থেকে ডেকে এনে রেনেসাঁর মাঠে হুমকি দেয়। আমার কাছে এক কোটি টাকা চায়। আমি টাকা দিতে পারব না বলে ওদের পায়েও ধরি। পরে ওরা চলে যায়। রাতে আমারই এক পরিচিত মাধবদাকে ফোন করলে সেই টাকা নামে ৩০ লাখে। আমার কাছে এক লাখ টাকাও নেই। ব্যাঙ্ক থেকে লোন করে বাড়ি করেছি। এমন পরিস্থিতি হলে আমাকে পরিবার নিয়ে আত্মহত্যা করতে হবে।'

    রবিবার জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের আঙুল দলত্যাগী নেতা সুধীররঞ্জন সাউ ওরফে জল্লুর দিকে।

    যুব মোর্চার জেলা সভাপতি পিন্টু সাম বলেন, 'একেবারে পরিকল্পনা করে মিথ্যা ভাবে আমাদের নামে এই অভিযোগ করানো হয়েছে। আমরা খবর পেয়েছি আমাদেরই দল ছেড়ে দেওয়া সুধীররঞ্জন সাউ ওরফে জম্মু এই কাজের সঙ্গে জড়িত আছে। যে ব্যক্তি অভিযোগ করেছেন তিনি এর আগে তৃণমূলের দায়ের করা অভিযোগেই জেল খেটেছেন। শুধু তাই নয়, তালিত রেলগেট এলাকায় একটি খুনের কেসের উনি আসামি, বর্তমানে প্যারোলে ছাড়া পেয়েছেন।'

    জেলা সম্পাদক দেবজ্যোতি সিংহরায় একটি ভাইরাল অডিয়ো | ক্লিপের প্রসঙ্গ টেনে বলেন, 'যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে, সেই অডিয়ো ক্লিপ আমরা পুলিশের কাছে তুলে দিয়ে এসেছি। লিখিত ভাবে এই ঘটনার তদন্ত চেয়েছি। রাজ্যে এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ওই শেখ হালিমকে আমি চিনি না। ওঁকে আমাদেরই দলে থাকা সুধীররঞ্জন সাউ ওরফে জয় শিখিয়ে দিচ্ছেন কী বলতে হবে। ওই জম্মু আমবাগান এলাকায় তৃণমূলের নেতা শিবুর সঙ্গে এতদিন থাকত। দল ক্ষমতায় আসতে এখন গেরুয়া আবির মেখে বিজেপি সাজার চেষ্টা করছে।'

    গোটা বিষয়ে দলের পাশে দাঁড়িয়ে জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা বলেন, 'প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছি এটা মিথ্যা অভিযোগ। পরিকল্পনা করেই করানো হয়েছে। এই বিষয়টি পুলিশকে দেখার জন্য আমরাও বলেছি। বদনাম করানোর উদ্দেশ্যেই এটা করা হয়েছে।'

  • Link to this news (এই সময়)