• ‘কর্মীদের অধিকার…’, সোমে নবান্নে মুখ্যমন্ত্রীর DA বৈঠকের আগে আর কী বললেন রাজ্যের মন্ত্রী?
    এই সময় | ০১ জুন ২০২৬
  • রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা নিয়ে আজ, সোমবার বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার সকালে লোকভবনে ৩৫ জন বিধায়ক মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজই মন্ত্রীদের দপ্তর বন্টন হবে। শপথগ্রহণের পরে নবান্নে DA সংক্রান্ত বৈঠক হতে পারে বলে খবর। এই বৈঠকে মামলাকারী তিন সংগঠন — কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদকে ডাকা হয়েছে। এ ছাড়াও, বৈঠকের জন্য ডাক পেয়েছে যৌথ সংগ্রামী মঞ্চও।

    এ নিয়ে সোমবার সকালে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী এবং খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। মন্ত্রী জানান, সোমবার DA নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মচারীদের সংগঠনের বৈঠক রয়েছে। রাজ্যের উন্নয়ন এবং সরকারি কর্মীদের অধিকার — দুই দিকেই নজর রাখবে সরকার।

    এ দিন দিলীপ বলেন, ‘আমরা মনে করি, DA পাওয়া সরকারি কর্মীদের অধিকার। রিভিউ করে কী বাকি রয়েছে, এখনই কতটা DA দেওয়া যায়, টাকা কোথা থেকে আসবে সবই খতিয়ে দেখা হচ্ছে।’ এর পাশাপাশি রাজ্যের উন্নয়নের কাজের দিকেও সরকারের দৃষ্টি রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সরকারি কর্মীরা যাতে তাঁদের অধিকার পান এবং রাজ্যের উন্নয়নের কাজও যাতে আটকে না যায়, সরকার দু’টো জিনিসই দেখবে।’

    প্রসঙ্গত, নবান্নের একটি সূত্র মারফৎ খবর, শুক্রবার থেকেই বকেয়া DA-র টাকা দেওয়া শুরু হয়েছে। অবসরপ্রাপ্ত বিভিন্ন সরকারি অফিসারদের কাছ থেকে জানা গিয়েছে, তাঁদের অনেকেই শুক্রবার ব্যাঙ্ক বা ট্রেজ়ারি থেকে পেনশনের টাকা তুলতে গিয়ে আচমকাই জানতে পারেন এই বকেয়া DA তাঁদের অ্যাকাউন্টে ঢুকেছে। জানা গিয়েছে, ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের DA বাবদ বকেয়াই আপাতত দেওয়া হচ্ছে। তবে রাজ্য সরকারে বর্তমানে যাঁরা কর্মরত, তাঁরা DA-র বকেয়া টাকা পান নি এখনও। তাঁরা কবে টাকা পেতে পারেন, সে নিয়েই সোমবারের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা।

    অন্যদিকে, সোমবার থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের ব্যবস্থা। সোমবার সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের সংকল্প পত্রে যা যা বলা ছিল, সবই ধীরে ধীরে হবে। রাজ্যে সরকারি বাস কম রয়েছে। তাই নতুন বাস কেনার কথাও ভাবছে সরকার।’

  • Link to this news (এই সময়)