• বঙ্কিম সেতুর নীচে মঙ্গলা হাটে অস্থায়ী ব্যবসায়ীদের বিক্ষোভ, মোতায়েন পুলিশ
    এই সময় | ০১ জুন ২০২৬
  • হাওড়ার মঙ্গলা হাটের অস্থায়ী ব্যবসায়ীদের বিক্ষোভ। তাঁদের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় বসে ব্যবসা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তার প্রতিবাদে সোমবার বঙ্কিম সেতুর তলায় একজোট হয়ে এই বিক্ষোভ দেখান অনেক অস্থায়ী ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। বর্তমানে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপরেও।

    বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকার রাস্তায় বসেই ব্যবসা করছেন। এই ব্যবসার উপরে নির্ভর করেই তাঁদের সংসার চলে। কিন্তু এখন হঠাৎ করে রাস্তায় বসে ব্যবসা করতে বাধা দেওয়ায় তাঁদের রুজি-রোজগার অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে এ দিন বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।

    বিক্ষোভের জেরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি যাতে কোনও ভাবেই উত্তপ্ত হয়ে না ওঠে সে দিকে কড়া নজর রাখছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। বর্তমানে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর পুলিশ সূত্রে। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।

    হাওড়া মঙ্গলা হাট ব্যবসায়ী সমতির মুখপাত্র সুদীপ বিশ্বাস বলেন, ‘আমাদের প্রথমে বলা হয়েছিল ফুটপাতে বসা যাবে। কিন্তু হঠাৎ করে আবার বলা হয় বসা যাবে না। আমাদের এটাই পুঁজি। সরকারের কাছে অনুরোধ, আমরা সব রকম গাইডলাইন মেনে চলব। কিন্তু আমাদের ব্যবসার অনুমতি দেওয়া হোক।’

  • Link to this news (এই সময়)