রাজ্যে চালু ফ্রি সরকারি বাস পরিষেবা! কীভাবে মিলবে টিকিট? জানুন খুঁটিনাটি
News18 বাংলা | ০১ জুন ২০২৬
: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে তাদের ‘সংকল্প পত্রে’ একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল, রাজ্যের সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুবিধা। নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর হয় বিজেপি। সেই মতো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, ১ জুন ২০২৬ থেকে রাজ্যজুড়ে এই বিনামূল্যে বাস সফর পরিষেবা চালু করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সোমবার থেকে বীরভূমের সিউড়ির দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC) বাসস্ট্যান্ড-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আনুষ্ঠানিকভাবে এই মেগা পরিষেবা চালু হয়ে গেল।
সিউড়ির বাসস্ট্যান্ডে আয়োজিত এই ঐতিহাসিক পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা। উদ্বোধনের প্রথম দিনেই পুরুলিয়া-সহ বিভিন্ন দূর-দূরান্তের জেলা থেকে আগত মহিলা যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে বাসে যাতায়াত করতে পেরে খুশিতে আত্মহারা হয়ে পড়েন। অনেকেই রাজ্য সরকারের এই জনমুখী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
পরিষেবা চালু হওয়ার পর সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে এবং কী কী নথির মাধ্যমে মহিলারা এই ফ্রি ভ্রমণের সুবিধা পাবেন? এই বিষয়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শংকর ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন যে, পরিচয় যাচাইয়ের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড-সহ মোট ১১টি সচিত্র পরিচয় পত্রের কথা বলেছে রাজ্য সরকার। এই ১১টি নথির মধ্যে যেকোনও একটি বৈধ পরিচয়পত্র দেখালেই মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগ পাবেন।
মহিলা যাত্রীদের সুবিধার্থে টিকিট সংগ্রহের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও সরল রাখা হয়েছে। যে সকল বাসস্ট্যান্ডে নির্দিষ্ট টিকিট কাউন্টার রয়েছে, সেখানে মহিলা যাত্রীরা বাসে ওঠার আগে কাউন্টারে গিয়ে নিজেদের যেকোনও একটি সচিত্র পরিচয়পত্র দেখাবেন। পরিচয়পত্র যাচাইয়ের পর কাউন্টার থেকে তাঁদের নির্দিষ্ট গন্তব্যের টিকিট দেওয়া হবে, তবে সেই টিকিটের জন্য কোনো মূল্য বা টাকা নেওয়া হবে না।
যে সমস্ত ছোট বা মাঝারি বাসস্ট্যান্ডে কোনও টিকিট কাউন্টার নেই, সেখান থেকে যে সকল মহিলা যাত্রীরা বাসে উঠবেন, তাঁরা বাসের ভিতরে থাকা কন্ডাক্টরকে নিজেদের সচিত্র পরিচয়পত্রটি দেখাবেন। কন্ডাক্টর সেটি দেখে বাসের ভিতরেই সম্পূর্ণ বিনামূল্যে গন্তব্যের জিরো-ভ্যালু টিকিট কেটে দেবেন।
আজ প্রথম দিনেই এই পরিষেবা ঘিরে বীরভূম জেলা জুড়ে মহিলাদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। প্রশাসনের আশা, সরকারের এই সিদ্ধান্তের ফলে কর্মরতা মহিলা থেকে শুরু করে সাধারণ ও দরিদ্র পরিবারের বোনেদের যাতায়াত খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে।