• কাঁসাই নদীতে স্নান করতে যাওয়াই কাল! খড়গপুরের ৩ কিশোরের মর্মান্তিক পরিণতি, হতবাক সকলে
    News18 বাংলা | ০১ জুন ২০২৬
  • : গরমের দিনে সকালবেলায় বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে যাওয়াই কাল হল। জলের গভীরতা বুঝতে না পেরে কাঁসাই নদীতে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল তিন কিশোরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঁসাই নদীর অনিকেত বাঁধ এলাকায়। মৃত তিন কিশোর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। চোখের সামনে বন্ধুদের এমন ভয়াবহ পরিণতিতে শোকস্তব্ধ বাকি তিন বন্ধু-সহ সকলে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে খড়গপুর শহর থেকে ওই ছয় জন বন্ধু মিলে কাঁসাই নদীর অনিকেত বাঁধের কাছে স্নান করতে এসেছিল। নদীর ওই অংশে জলের গভীরতা অনেকটাই বেশি ছিল, যা ওই কিশোরদের পক্ষে বাইরে থেকে বোঝা সম্ভব হয়নি। তারা ভেবেছিল অগভীর জলে স্নান করে খুব ভালভাবেই হয়ত তারা পাড়ে উঠে আসতে পারবে। কিন্তু জলে নামার পরেই আসল বিপত্তি ঘটে। জলের তোড়ে তারা আচমকাই তলিয়ে যেতে শুরু করে। এই সময়ে একে অপরকে বাঁচানোর জন্য নিজেদের মধ্যে টানাটানি করতে গিয়েই ওই তিনজন জলের গভীরে তলিয়ে যায়।

    এই ভয়াবহ পরিস্থিতি চোখের সামনে দেখে বাকি তিন বন্ধু আতঙ্কিত হয়ে পাগলের মতো চিৎকার শুরু করে দেয়। তাদের সেই আর্তনাদ শুনে দ্রুত ছুটে আসেন আশেপাশের স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রাই প্রাথমিকভাবে জলে নেমে তাদের উদ্ধারের কাজে হাত লাগান। পাশাপাশি, তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকেও এবং ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার খবর পেয়েছে।

    ঘটনাস্থলে উপস্থিত এলাকার এক স্থানীয় বাসিন্দা তপন সামন্ত জানান, সকালে ওই ছয় জন ছেলেই নদীতে স্নান করার উদ্দেশ্যে এসেছিল। জলের গভীরতা ঠিক কতটা, তা একেবারেই বুঝতে না পারার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে তিনি মনে করছেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তরতাজা তিনটি প্রাণের অকাল মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে খড়গপুর জুড়ে।
  • Link to this news (News18 বাংলা)