• সোমে ভবানী ভবনে যাচ্ছেন না অভিষেক!
    আজকাল | ০১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভায় সই-জাল কাণ্ডে সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। শনিবারেই জানা যায় তা। একইসঙ্গে শনিবারেই পরপর একাধিক ঘটনাপ্রবাহ ঘটে অভিষেককে কেন্দ্র করেই। তবে নজর ছিল, আক্রান্ত হওয়ার পরেও, সোমবার তিনি ভবানী ভবন যাবেন কি না সেদিকে। সূত্রের খবর, সোমবার ভবানী ভবনে যাচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন তিনি।। 

    সূত্রের খবর, সোনারপুরে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় আদালতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একই সঙ্গে, লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও বিষয়টি তুলে ধরবেন ডায়মন্ড হারবারের সাংসদ, সূত্রের তথ্য তেমনটাই। 

    অভিষেক আজ ভবানী ভবনে হাজিরা দেবেন কি না, সেই জল্পনার মাঝেই জানা গিয়েছিল, তৃণমূল বিধায়কদের সই-জাল কাণ্ডে, তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার। পাঁচ সদস্যের সিট গঠন করা হয়েছে বলেই খবর সূত্রের। শনিবারেই, এই ঘটনায় অভিষেকের বাড়িতে যায় সিআইডি টিম। অভিষেক সেই সময়ে ছিলেন বেলেঘাটায়, নিহত দলীয় কর্মীর বাড়িতে। ফিরে তিনি চিঠি গ্রহণ করেন সিআইডি  আধিকারিকদের হাত থেকে। তার পরেই যান সোনারপুরে। 

    সেখানেই জনরোষে পড়েন ডায়মন্ডহারবারের সাংসদ। সোনারপুরে মৃত তৃণমূলের দলীয় কর্মীর বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক। প্রবল হেনস্থার মুখে পড়ে, ফেরেন পুলিশি ঘেরাটোপে। সেখান থেকে সোজা হাসপাতালে। শহরের দুই হাসপাতাল ঘুরে, নিজের বাড়িতে। সেখানেই চলছে চিকিৎসা। এর মাঝেই রবিবার কালীঘাটে বৈঠক ডেকেছিলেন দলনেত্রী, বিধায়কদের। যদিও ৮০ বিধায়কের মধ্যে হাজির ছিলেন মাত্র ২০। বৈঠকই হয়নি শেষমেস। এর মাঝেই, ২ তারিখ, অর্থাৎ আগামিকাল, ধরনায় বসবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। 

     
  • Link to this news (আজকাল)