বাংলা ও ইংরেজিতে প্রশিক্ষণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে!
আজকাল | ০১ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বই সম্পাদনা থেকে বই প্রকাশ। এই দীর্ঘ যাত্রায় অতিক্রম করতে হয় একাধিক ধাপ। জানতে হয় নানা বিষয়ের খুঁটিনাটিও। বিগত বছরগুলির মতোই এ বারও পড়ুয়াদের কথা ভেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে দু'টি কোর্স। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইংরেজির পাশাপাশি বাংলাতেও পড়ানো হবে এই পাঠক্রম। জানানো হয়েছে, এ জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস সংশ্লিষ্ট কোর্স আয়োজন করবে। এডিটিং অ্যান্ড পাবলিশিং বা সম্পাদনা এবং প্রকাশনার এই পাঠক্রমটি পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স। কোর্সগুলির মেয়াদ তিন বা চার মাস। আগামী জুলাই থেকে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত চলবে ক্লাস।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্কুলের তরফে এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ক্লাসের আয়োজন করা হবে অনলাইন এবং অফলাইনে। অফলাইন ক্লাস হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অনলাইন বা অফলাইনে ক্লাস চলবে সপ্তাহে তিন দিন সন্ধে ৬টা থেকে ৮টা পর্যন্ত।
বাংলা এবং ইংরেজি ভাষার জন্য কোর্স ফি যথাক্রমে ১৪ হাজার ৭৫০ টাকা এবং ১১ হাজার ৮০০ টাকা। বাংলা ভাষায় সম্পাদনা এবং প্রকাশনার প্রশিক্ষণ কোর্সের জন্য স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তবে মাত্র পাঁচজনকে বিশেষ শর্তে দেওয়া হবে এই বৃত্তি। বৃত্তির পরিমাণ মাসে ২০ হাজার টাকা।
কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতাসম্পন্নেরা। বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে। স্ক্রিনিং টেস্টে সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা যাচাই করা হবে।
কোর্সে ভর্তির জন্য আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। বাংলা এবং ইংরেজি ভাষার জন্য আবেদন প্রক্রিয়া চলবে যথাক্রমে ১১ জুন এবং ১৪ জুন পর্যন্ত। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।