বহিষ্কারের খবর পেয়েই বিস্ফোরক সন্দীপন, যা বললেন...
আজকাল | ০১ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কয়েক মিনিটের দুই ঘটনা। সোমবার দুপুরে নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহাই তৃণমূলের সই-বিতর্কে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। তার পরেই দায়ের হয় অভিযোগ, শুরু হয় সিআইডি তদন্ত। ঠিক তার কিছুক্ষণ পরেই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, সন্দীপন এবং ঋতব্রত দুই বিধায়ককে বহিষ্কার করেছে দল।
পরপর দুই ঘটনার পরেই, আজকাল ডট ইন যোগাযোগ করেছিল সন্দীপন সাহার সঙ্গে। সাক্ষাৎকারে একপ্রকার বিস্ফোরক বিধায়ক। কী বলছেন তিনি? সন্দীপনের দাবি, ' ছ'তারিখে একটি মিটিংয়ে সাধারণ মিটিংয়ে ডেকে সেখানে উপস্থিতির সই করিয়ে সেটাকে পরবর্তীকালে রেজুলেশন হিসেবে পেশ করা হয়েছে। এটা অনৈতিক এবং বহু বিধায়ক যাঁরা উপস্থিত ছিলেন না, ব্লক লেটারে তাঁদের নাম লেখা হয়েছে। ব্লক লেটার সিগনেচার হয় না। সেটাও সেই রেজুলেশনের মধ্যে ঢুকিয়ে দিয়ে মাননীয় অধ্যক্ষকে অধ্যক্ষের কাছে পেশ করা হল। যেটা আইন বহির্ভূত এবং এই পুরো ব্যাপারটাকে নিয়ে এসে প্রতিটি বিধায়কের নৈতিকতাকে প্রশেন্র মুখে ঠেলে দিল। সেই কারণেই আমরা এটাকে গোচরে এনেছি।'
অধ্যক্ষের কাছে যাওয়ার আগে, দলের সঙ্গে কথা বলেছিলেন কি ঋতব্রত-সন্দীপন? সন্দীপন বলছেন, 'দেখুন, এই একটা দল যখন এরকম বিষয় করতে পারে যেখানে সাধারণ সইকে রেজুলেশনে পরিণত করে জমা দিতে পারে, সেখানে আপনার বলার অবকাশ আছে কি?'
তার ঠিক কয়েকমিনিটের মাথায় বহিষ্কারের খবর। সন্দীপন বলছেন, দল এখনও তাঁকে কিছু জানায়নি। কিন্তু তারপরে তাঁর সংযোজন, 'দল নিজেই অনৈতিক কাজ করে, যাঁরা নৈতিক কাজ করছে, তাঁদের বহিষ্কার করছে। দলের তরফে এখনও কিছু জানানো হয়নি, তবে, আমরা আইনি লড়াই লড়ব।'