সই-জাল ইস্যু, দলের বিধায়কের অভিযোগেই বেকায়দায় তৃণমূল
আজকাল | ০১ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: সই জাল। বিধানসভায় বিরোধী দলনেতা বাছাইয়ে তৃণমূল কংগ্রেস নাকি, নিজেদের দলের বিধায়কদেরই সই জাল করেছে। তা নিয়েই গত কয়েকদিন ধরে একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়েছে সিআইডি। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরাট পর্দাফাঁস করলেন সাংবাদিক বৈঠকে। সাফ জানালেন, তৃণমূলের দুই বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, সই-ইস্যুতে অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতেই বিধানসভার স্পিকার দায়ের করেন এফআইআর। তারই তদন্তে সিআইডি আধিকারিকরা যাচ্ছেন তৃণমূল বিধায়কদের বাড়িতে। এদিন গোটা ঘটনার বিস্তারিত বর্ণনা দেন মুখ্যমন্ত্রী।
এদিন শুভেন্দু অধিকারী জানান, ৭০ বিধায়কের সই করা যে রেজুলেশন পাঠানো হয়েছিল, তাতে ১০জনের নাম ব্লক লেটারে লেখা। দু'জন বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা অভিযোগ করেন স্পিকারের কাছে। শুভেন্দু বলেন, অভিযোগে জানানো হয়েছে অন্তত ১৪টি সই ব্লক লেটারে লেখা। তৃণমূল বিধায়কদের অভিযোগের ভিত্তিতে, স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। সিআইডি ১৩জন বিধায়কের কাছে গিয়ে তদন্ত করে, ভিডিওগ্রাফি সমেত। তিনজন বিধায়ক ভিডিওতে জানিয়েছেন, সই তাঁদের নয়।
Link to this news (আজকাল)